বিপিএলে আসছে কুমিল্লাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটাই সত্যি হচ্ছে শেষ পর্যন্ত। তৃতীয় বিপিএলে নতুন দল হিসেবে আসছে কুমিল্লা। আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি এবং বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তাঁর পরিবার কিনে নিচ্ছে এই দল। দলের নাম প্রস্তাব করা হয়েছে কুমিল্লা লিজেন্ডস। মুস্তফা কামাল কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার সাংসদ।
এর আগে সিলেট রয়্যালসের মালিকানায় অংশীদারত্ব ছিল মুস্তফা কামালের দুই মেয়ের। কিন্তু এবার তাঁরা সিলেটের পরিবর্তে কুমিল্লার নামে দল নিতে আগ্রহী। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাতটি ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায়নি বলে তৃতীয় বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বিভাগভিত্তিক না-ও হতে পারে।
অবশ্য মুস্তফা কামাল ও তাঁর পরিবারের মতো ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহী সব প্রতিষ্ঠানই সুনির্দিষ্ট বিভাগের জন্য দল চেয়েছে। অন্য দলগুলোর মধ্যে ঢাকার জন্য আগ্রহ দেখিয়েছে বেক্সিমকো গ্রুপ, রংপুরের জন্য আই স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের জন্য ডিবিএল গ্রুপ, বরিশালের জন্য এক্সিওম টেকনোলজিস ও সর্বশেষ সিলেটের জন্য আলিফ গ্রুপ। চূড়ান্ত সিদ্ধান্ত হবে দু-এক দিনের মধ্যেই।