বিপিএলে দুরন্ত আমিরের জন্য খুলছে জাতীয় দলের দরজাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে দারুণ পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দিচ্ছে আমিরের সামনে। ছবি: প্রথম আলো
বিপিএলে দারুণ পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দিচ্ছে আমিরের সামনে। ছবি: প্রথম আলো

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরাটা উপভোগ্য হচ্ছিল না মোহাম্মদ আমিরের। মাঠের পারফরম্যান্স যতই ভালো হোক না কেন, মাঠের বাইরের নানা ঘটনাই আমিরের প্রত্যাবর্তনকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছিল বারবার। পাকিস্তান দলের অনেকেই আমিরের ক্রিকেটে ফিরে আসাকে ভালো চোখে দেখেননি। তবে সেদিকে নজর না দিয়ে মাঠেই সব মনোযোগ দিচ্ছেন এই বাঁহাতি পেসার, বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। ফলও পেয়ে গেলেন দ্রুত, বিপিএলের ফর্ম পাকিস্তান দলের দরজাও খুলে দিচ্ছে আমিরের জন্য।

২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জুটেছিল আমিরের কপালে। জেলেও যেতে হয়েছিল। সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর আবার খেলায় ফিরেছেন আমির। কায়েদ-ই-আযম ট্রফির বাছাইপর্ব ও মূল পর্ব মিলিয়ে ৫০ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন পাঁচ বছরে বোলিংয়ে খুব বেশি ধার হারাননি।
খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। চিটাগং ভাইকিংসের হয়ে এখনো পর্যন্ত ১১ উইকেটে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন চতুর্থ স্থানে। এখনো পর্যন্ত ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৭১ করে। আমিরের এমন পারফরম্যান্স নড়েচড়ে বসতে বাধ্য করেছে পাকিস্তান ক্রিকেটের কর্তাব্যক্তিদের। গতকাল বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান সেই ইঙ্গিতই দিলেন, ‘আমার ধারণা বল হাতে আমির যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে পাকিস্তান দলে সুযোগ পেতেই পারে। তবে আগে ওর সঙ্গে আমাদের কথা বলতে হবে, দলে ফিরতে চাইলে কী ধরনের আচরণ করা উচিত তা ওকে বোঝাতে হবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নিবে নির্বাচকেরা।’
সমস্যাটা হচ্ছে, পিসিবি আমিরের ফেরা দেখতে চাইলেও দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই আমিরকে সতীর্থ হিসেবে মেনে নিতে রাজি নন। কদিন আগেই মোহাম্মদ হাফিজ জানিয়েছেন আমিরের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করায় নিজের অনিচ্ছার কথা। টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিও অনেক আগে থেকেই আমিরের মতো খেলোয়াড়দের দলে নেওয়ার ব্যাপারে পিসিবি সতর্ক করেছেন। এ ব্যাপারটি পিসিবি প্রধানের নজর এড়ায়নি, ‘আমাদের সবাইকে একসঙ্গে বসতে হবে। নির্বাচক, আমির, টিম ম্যানেজমেন্ট, দলের অন্য খেলোয়াড়েরা সবাই মিলে আলোচনা করলেই সমস্যার সমাধান মিলবে।’ এ ব্যাপারে কোচ ওয়াকার ইউনুসও পিসিবির প্রধানের সঙ্গে একমত।
আমিরও মুখিয়ে আছেন দলে ফেরার জন্য। তবে সে ক্ষেত্রে ড্রেসিংরুমে যে নানা রকম কটূক্তির শিকার হতে হবে সেটি জানা আছে তাঁর। হাফিজের মন্তব্যের জবাবে ঠান্ডা মাথায় উত্তর দিলেন, ‘আমি হাফিজ ভাইকে সিনিয়র হিসেবে শ্রদ্ধা করি। তিনি এমন মতামত দিতেই পারেন। তবে বিপিএলে এখনো পর্যন্ত অন্য পাকিস্তানি ক্রিকেটাররা আমাকে ভালোই সমর্থন দিচ্ছেন।’
বাকীদেরও সমর্থন পেয়ে গেলে পাকিস্তান দলের জার্সিতে খুব দ্রুতই দেখা যেতে পারে আমিরকে! সূত্র: টাইমস অব ইন্ডিয়া