বিপিএলে ফিরছে খুলনা, রাজশাহী
ইংল্যান্ড সিরিজের পরপরই শুরু হয়ে যাচ্ছে চতুর্থ বিপিএল। ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার কথা ১ নভেম্বর, আর বিপিএল শুরু হবে ৪ নভেম্বর থেকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবিই জানিয়েছে এই তারিখ।
বিপিএলের প্লেয়ার ড্রাফট হয়ে যাবে ইংল্যান্ড দল বাংলাদেশে আসার দিনই, ৩০ সেপ্টেম্বর। গত বিপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিলেও এবার থাকবে সাতটি। এক মৌসুম বাদে ফিরছে খুলনা ও রাজশাহীর দল। তবে থাকছে না সিলেট। ফ্র্যাঞ্চাইজি চুক্তি ভাঙায় সিলেট সুপার স্টারসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি।
খুলনা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংক্ষিপ্ত তালিকায় আছে জেমকন গ্রুপ, ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট লিমিটেড, তানভীর ফুড লিমিটেড (মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি প্রতিষ্ঠান) ও ল্যাবএইড গ্রুপ। এর মধ্যে জেমকন গ্রুপ খুলনা ও ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছে। ঈদের পর চূড়ান্তভাবে নতুন দুই ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করবে বিসিবি।