বিপিএলে বাড়ল বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল খবরটা। বিপিএলে এবার বিদেশি খেলোয়াড় বাড়তে পারে। যা শুনে বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেই আপত্তি করেছিলেন। কিন্তু কাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোরই সিদ্ধান্ত হলো। সিলেটের ফ্র্যাঞ্চাইজি ফেরায় দলের সংখ্যাও সাত থেকে বেড়ে হচ্ছে আটটি। সভার পর গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় পঞ্চম বিপিএলের আরও কিছু নতুন দিক।

কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, বিপিএলে এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এক ম্যাচে সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে, কমপক্ষে খেলাতে হবে তিনজন। নিবন্ধন করানো যাবে যত ইচ্ছা তত। তবে প্লেয়ার্স ড্রাফটের তালিকা থেকে অন্তত দুজন বিদেশি খেলোয়াড় নিতেই হবে। স্থানীয়দের তালিকা থেকে নিতে হবে কমপক্ষে ১৩ জন। আইকনসহ পুরোনো খেলোয়াড় ধরে রাখা যাবে সর্বোচ্চ চারজন।

পাঁচ বিদেশি খেলানোর সিদ্ধান্তে স্থানীয় খেলোয়াড়েরা একটু অসন্তুষ্টই। তাদের প্রশ্ন, স্থানীয় খেলোয়াড়দের খেলার সুযোগ কমে এলে বিপিএলের সার্থকতা কোথায়? তবে সিদ্ধান্ত যেহেতু হয়েই গেছে, এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি কেউ।

২০১২ ও ২০১৩-এর বিপিএলে পাঁচ বিদেশি খেলানোরই নিয়ম ছিল। পরের দুই আসরে সংখ্যাটা ছিল ৪। আবারও পাঁচ বিদেশিতে ফেরার কারণ হিসেবে সদস্যসচিব বলেছেন, ‘পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিখিতভাবে পাঁচজন বিদেশি খেলানোর পক্ষে মত দিয়েছে। দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়েছে চারজন করে বিদেশি খেলুক। একটি ফ্র্যাঞ্চাইজি এ ব্যাপারে কিছু বলেনি। যেহেতু এবার দল বাড়ছে, আমরা পাঁচজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’

আগামী ৪ নভেম্বর থেকে বিপিএল শুরু হওয়ার কথা থাকলেও এখন দুই দিন এগিয়ে টুর্নামেন্ট শুরু হতে পারে ২ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান ৩১ অক্টোবর। কাছাকাছি সময়ে বিগ ব্যাশ এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকাতেই এই সিদ্ধান্ত।

বিপিএলে নতুন করে আসছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। সে জন্য আইকন খেলোয়াড়ও একজন বাড়ছেন। আগের সাত আইকন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও সাব্বির রহমানের সঙ্গে যোগ হচ্ছেন মোস্তাফিজুর রহমান। সৌম্য, সাব্বির ও মোস্তাফিজ ছাড়া বাকিদের দল ঠিক হয়ে গেছে। আইকন খেলোয়াড়দের জন্য এবার কোনো মূল্যসীমা থাকবে না। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজেরাই ঠিক করবেন নিজেদের মূল্য। কোনো ফ্র্যাঞ্চাইজি আইকনকে প্রতিশ্রুত পুরো টাকা না দিলে সেটার দায়িত্ব নেবে না গভর্নিং কাউন্সিল। দায়িত্ব নেওয়া হবে শুধু ড্রাফটে বিক্রি হওয়া খেলোয়াড়দের।

আইকনদের মূল্য উন্মুক্ত করে দিলেও অন্য শ্রেণির খেলোয়াড়দের পারিশ্রমিক আগের মতোই। সদস্যসচিবের ব্যাখ্যা, ‘আমরা টাকা বাড়ালাম, কিন্তু ফ্র্যাঞ্চাইজি তা দিল না; এর চেয়ে টুর্নামেন্টটা টিকে থাক, ভালোমতো চলুক, দীর্ঘ সময় ধরে সফলভাবে চলুক—আমরা এটার প্রতিই বেশি নজর দিচ্ছি।’

সিলেটের ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনের মৌসুমে বিপিএলের ভেন্যু তালিকায় যোগ হতে পারে সিলেট বিভাগীয় স্টেডিয়ামও। আটটি দলের থাকার ব্যবস্থা করা গেলে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে।

গত বিপিএলে শৃঙ্খলার কারণে রংপুর রাইডার্স থেকে বহিষ্কৃত হয়েছিলেন জুপিটার ঘোষ। ম্যানেজার সানোয়ার হোসেনের নাম এসেছিল ফিক্সিং-বিতর্কে। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজার থাকার সময়ও একই কারণে বিতর্কিত হয়েছিলেন সানোয়ার। গভর্নিং কাউন্সিল এবার তাই দুজনকেই টুর্নামেন্ট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।