বিপিএলের অপেক্ষায় মিসবাহ

মিসবাহ-উল-হকের ভাবনাজুড়ে এখন বিপিএল। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য ইতিমধ্যেই চুক্তি সেরেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সফল পরিসমাপ্তির পর মিসবাহ এখন অপেক্ষায় টি-টোয়েন্টি-উত্তেজনার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোকেই এখন নিজের ফিটনেস ধরে রাখার অনুষঙ্গ ভাবছেন তিনি। বিপিএলে অংশগ্রহণের মধ্য দিয়েই নিজের ক্যারিয়ারকে ‘দীর্ঘ’ করতে চান পাকিস্তানের সফল এই টেস্ট অধিনায়ক।
গত বিশ্বকাপের পরপরই ওয়ানডে ক্রিকেটকে ‘বিদায়’ বলেছেন। ২০১২ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও আর নেই তিনি। কিন্তু পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতায়, যেকোনো ফরম্যাটে মিসবাহর উপস্থিতি যথেষ্ট সাবলীল। ২০১৬ সালের ইংল্যান্ড সফরের আগে নিজেকে ধরে রাখতে এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জমজমাট আসরেই ‘পাখির চোখ’ তাঁর, ‘আমি খেলাটা চালিয়ে যেতে চাই। ধরে রাখতে চাই ফিটনেস। প্রেরণারও একটা ব্যাপার আছে। যখনই দেশের হয়ে খেলার ডাক পড়ুক, খেলাটা আমি খেলতে চাই প্রস্তুতি নিয়েই। খেলাটা আমি ভালোবাসি। আপাতত খেলাটা খেলে যেতে চাই।’
বিপিএলকে মিসবাহ জরুরি ভাবছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছু দিন দূরে থাকতে হবে বলেই। বাংলাদেশের এই লিগে আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে খেলেই এই বিরতির ঘাটতির কিছুটা পূরণ করতে চাচ্ছেন তিনি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট শেষ হয়ে যাওয়ার পর মে-জুন পর্যন্ত একদম অবসর তাঁর। ব্যাপারটিকে অসুবিধাজনক মনে করছেন তিনি, ‘ছয়-সাত মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থেকে হঠাৎই তাতে ফেরা খুবই কঠিন। আমি খেলার বাইরে থাকলাম দীর্ঘ দিন, আর প্রস্তুতি ছাড়াই নেমে গেলাম বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে, সেটা সম্ভব নয়। তাই এই সময়টা নিজেকে অনুপ্রাণিত করাটা খুব জরুরি।’
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসর—বিপিএল। এতে মিসবাহ ছাড়াও খেলছেন শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, উমর আকমল, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজদের মতো পাকিস্তানি তারকারা। সূত্র: দ্য ডন।