বিপিএলের উইকেটের সমালোচনা ইমরুল-মোসাদ্দেকের
‘শুধু ভালো জায়গায় করলেই হয়। বাকি কাজটা উইকেটই করে দেবে’—পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অনেকটা হতাশ হয়েই কথাটা বলছিলেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে তাঁর দল মাত্র ৯৬ রানে অলআউট হয়েছে।
সেই রান অবশ্য কুমিল্লাকে সহজে তাড়া করতে দেয়নি সিলেট। উইকেটের মন্থর আচরণ কাজে লাগিয়েছে মোসাদ্দেকের দলও। সোহাগ গাজী ও নাজমুল ইসলামের সঙ্গে মোসাদ্দেক নিজেও হাত ঘুরিয়েছেন। সিলেটের ছুড়ে দেওয়া মাত্র ৯৭ রানের লক্ষ্য তাড়া করতে ১৮.৪ ওভার পর্যন্ত খেলতে হয়েছে কুমিল্লার, উইকেট হারিয়েছে ৮টি।
কুমিল্লার এমন কষ্টার্জিত জয়ের দিনে আলোচনাটা ছিল মূলত উইকেটকে ঘিরেই। ম্যাচ শেষে সিলেট দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা এনামুল হক বলছিলেন, ‘আসলে উইকেটটা টি-টোয়েন্টির মতো মনে হয়নি। ব্যাটিং করা বেশ কঠিন ছিল। উইকেট ভেজা ছিল, বাঁক ছিল। যে কারণে স্বাচ্ছন্দ্যে খেলা যায়নি। দুই দল একইভাবে খেলেছে। ব্যক্তিগতভাবে আমার কাছে কঠিন মনে হয়েছে। সবার কাছেই আসলে কঠিন মনে হয়েছে। টি-টোয়েন্টিতে এমন উইকেট থাকলে রান বের করা একটু কঠিন।’
উইকেট কঠিন হলেও সেটা যে ৯৬ রানে অলআউট হওয়ার মতো ছিল, তা কিন্তু নয়। এনামুল মনে করেন, এই উইকেটেই আরও কিছু রান যোগ করা সম্ভব ছিল। সে ক্ষেত্রে ম্যাচের ছবিটাও ভিন্ন হতে পারত। তিনি বলছিলেন, ‘আমরা দেখেছি রানটা একটু কম হয়ে গেছে। উইকেট অনুযায়ী আমরা একটু হলেও তাড়াহুড়ো করেছি। আমরা যদি একটু সময় নিতে পারতাম, আর কিছু রান করতে পারতাম...আর ২০টা রান বেশি হলেও খেলাটা ভিন্ন হতে পারত।’
বিজয়ী দলের অধিনায়ক ইমরুল কায়েসও তাঁদের অদ্ভুত রান তাড়ার ব্যাখ্যায় উইকেটকেই দুষলেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘উইকেট কিছুটা কঠিন ছিল, আমাদের বোলাররা উইকেটের সাথে তাল মিলিয়ে যথেস্ট ভালো পরিকল্পনামাফিক বোলিং করেছে। কিন্তু অল্প রানের ম্যাচে সব সময়ই একটু সমস্যা হয়। একটা উইকেট পড়ে গেলে আরেকজন বোলার এসে চেষ্টা করে কিছু বল ডট দেয়ার। তখন কিন্তু একটা চাপ পড়ে যায়।’