বিপিএলের খোলা জানালায়...

এই সেদিনও তাঁরা ছিলেন দূর আকাশের তারা। আর এখন পাশের রুমের বাসিন্দা। চাইলেই দরজায় ‘নক’ করে বলা যাচ্ছে, ‘চলো একটু কফি খেয়ে আসি।’ বিপিএলের খোলা জানালা আবারও এক করে দিয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের আকাশ।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পা না রাখলেও বিপিএল সূত্রে আবু হায়দার রনির খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলতে আসা শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারা। দুজনই পেসার। নতুন বলে কীভাবে বল করতে হবে, কী করলে পুরোনো বল আরও ভালোভাবে কাজে লাগানো যাবে—জানা জিনিস তাঁর কাছে শুনে আরও ভালো করে মনে গেঁথে নিয়েছেন ১৯ বছর বয়সী রনি, ‘নতুন বলে কীভাবে বল করতে হবে সেটা তাঁর কাছ থেকেই ভালোভাবে শিখেছি। ওই সময় ফিল্ডিং কীভাবে সাজানো উচিত, তাও আমাকে বুঝিয়ে দিয়েছেন।’
রংপুর রাইডার্সে মিসবাহ-উল-হক আর ড্যারেন স্যামিকে কাছ থেকে দেখছেন সৌম্য। স্যামি সম্পর্কে নতুন কিছু জানেননি, ‘ও তো সব সময়ই মজা করে। পরিবেশ জমিয়ে রাখে। সতীর্থ হিসেবে অসাধারণ।’ কিছু মানুষের মধ্যে এসব জিনিস স্বভাবজাতভাবে থাকে। চাইলেই তো একজন ভাবগম্ভীর মানুষ হঠাৎ করে গ্যাংনাম নেচে উঠবেন না! তবে সৌম্য মিসবাহর মধ্যে যেটা দেখেছেন, সেটির চর্চা তরুণ কোনো ক্রিকেটার চাইলেই করতে পারেন, ‘তাঁর সুশৃঙ্খল জীবনটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে। খাওয়া-দাওয়া, কথাবার্তা থেকে শুরু করে খেলার মাঠ—সবখানেই একই রকম।’ সৌম্যর ইচ্ছা একবার কুমার সাঙ্গাকারার সঙ্গেও দেখা করার। বিপিএল শেষের আগেই ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান তারকার মুখোমুখি হতে চান।
জাতীয় দলের এই সতীর্থকে কি একটু সাহায্য করবেন নাসির? তাঁর নিজেরও উপকার হতে পারে তাতে। টিম হোটেল-বাস, ড্রেসিংরুম আর মাঠে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠলেও সাঙ্গার সঙ্গে মুখোমুখি বসা হয়নি এখনো। তবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের প্রতিটি কথা থেকেই শেখার অনেক কিছু দেখেন নাসির, ‘সব দিক থেকে পরিপূর্ণ একজন মানুষ। তাঁর সব কথা থেকেই শেখা যায়। এমন না যে নতুন কিছু বলছেন। তারপরও সাঙ্গাকারার মুখ থেকে শুনলে সহজ মনে হয়।’ প্রতিটি বলকেই নতুন করে দেখা, আগে থেকে না-ভাবা যে এই বলটা ওভাবে খেলব, উইকেটে গিয়ে প্রথমে এক-দুই রান নিয়ে খেলা—সবই ব্যাটিংয়ের মৌলিক সূত্র। কিন্তু সাঙ্গা যখন বলেন, নাসিরের মনে হয়, ‘আসলেও তো তাই! চাইলে তো এভাবেও খেলা যায়...।’
বরিশাল বুলসের ক্রিস গেইলকেও মৌলিক জিনিসগুলো মাথায় রেখে খেলতে দেখেন সাব্বির রহমান। যেকোনো সময় যেকোনো বোলারের সামনে দানব হয়ে ওঠার ক্ষমতা থাকলেও ক্যারিবীয় এই ব্যাটসম্যানের ব্যাটিংয়ের শুরুটা অবাক করে তাঁকে, ‘ও মারতে পারে, গায়ে শক্তি আছে। তারপরও শুরুতেই জোর খাটায় না। দু-একটি ওভার দেখে খেলে। গেইলের মতো ব্যাটসম্যানও পরিস্থিতি বোঝার জন্য সময় নেয়!’
মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে প্রায় প্রতি ম্যাচ শেষেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাঙ্গাকারা। কিন্তু কিংবদন্তিতুল্য একজন খেলোয়াড়ের সঙ্গে একই দলে খেলে মুস্তাফিজের যেন তেমন উচ্ছ্বাস নেই! কিংবা আছে, কিন্তু সেটি প্রকাশ করতে পারেন না। সাঙ্গাকারার কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে জানতে চাইলেও দিলেন জানা উত্তরটাই, ‘তার ব্যাটিংটাই আমার বেশি ভালো লাগে।’ তবে মুস্তাফিজের ইচ্ছা ছিল মোহাম্মদ আমিরের সঙ্গে কথা বলা। সময়ের অভাবে সেটা হয়নি।
চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ও পেসার তাসকিনের কাছ থেকে অবশ্য আমির সম্পর্কে কিছু ধারণা পেতে পারেন মুস্তাফিজ। ‘আমির বিশেষ কিছু করে না। কোনো রহস্য নেই তার ভালো বোলিংয়ের। খুব সিম্পল বোলিং করে। শুধু লাইন-লেংথটা ঠিক রাখে’—জানালেন তামিম। আমির সম্পর্কে একই অভিজ্ঞতা তাসকিনেরও।
তামিমের আসল কৌতূহল অবশ্য আমিরকে নিয়ে ছিল না, ছিল দিলশানকে নিয়ে। ‘দিলস্কুপ’ সম্পর্কে আরও ভালোভাবে জানতে চেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানের কাছে, ‘দিলস্কুপ অনেক ঝুঁকিপূর্ণ শট। আমি জিজ্ঞেস করেছিলাম, এটা তুমি কীভাবে প্র্যাকটিস করো? সে বলল, বোলিং মেশিনে বিভিন্ন লেংথে বল ফেলে এটা করে।’
দিলস্কুপ নিয়ে তামিমের আগ্রহ দেখে আবার ভাববেন না সামনে তিনিও এই শট খেলতে শুরু করবেন। তবে দিলশানের অনুশীলনের বুদ্ধিটা পছন্দ হয়েছে তামিমের, ‘আমি হয়তো দিলস্কুপ খেলব না। তবে ওই বুদ্ধি কাজে লাগিয়ে নতুন কোনো শট তো শিখতে পারি...।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভালো-খারাপ নিয়ে বিতর্ক হতে পারে। আর তাতে ‘ভালো’কে জিতিয়ে দিতে আসল ভূমিকাটা রাখতে পারেন ক্রিকেটাররাই। সেটা যেমন ক্রিস গেইলকে বোল্ড করে, সাঙ্গাকারার কথা আর আমিরের কষ্টের জীবনকাহিনি থেকে শিখেও।