বিপিএলের থিম সং গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের থিম সং গেয়েছিলেন সদ্য প্রয়াত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। গানটির সুর ও সংগীত আয়োজনও ছিল তাঁর।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সেই থিম সংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন বাপ্পি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মঞ্চে শিল্পী কুমার বিশ্বজিৎ ও শান সেই গানে গলা মিলিয়েছিলেন বাপ্পি লাহিড়ীর সঙ্গে। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তাই প্রয়াত শিল্পীর আছে একধরনের যোগ।
খেলার ভক্ত ছিলেন বাপ্পি। ছিলেন ডিয়েগো ম্যারাডোনার পাঁড়ভক্ত। তাঁর খেলা সাধারণত মিস করতেন না। বাপ্পি ম্যারাডোনার এমনই ভক্ত ছিলেন, ২০১৬ সালে আর্জেন্টাইন তারকার সঙ্গে দেখা করে তাঁকে নিয়ে একটি গানই তৈরি করে ফেলেছিলেন।
২০১৬ সালে দুবাইয়ে প্রিয় তারকার সঙ্গে দেখা করেছিলেন বাপ্পি লাহিড়ী। সে সময়ে দুবাইয়ে একটি ক্লাবে কোচের দায়িত্ব পালন করছিলেন ম্যারাডোনা। দুবাইয়ে যাওয়ার আগে ম্যারাডোনাকে নিয়ে একটি গান লিখে তাতে সুর করে রেকর্ড করেছিলেন তিনি। দেখা করে সেই গানটি ম্যারাডোনার হাতে তুলে দিয়েছিলেন বাপ্পি। এ সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ছিলেন তাঁর নাতি স্বস্তিক লাহিড়ী।
আজ বুধবার ভোরে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুর সংবাদ আসে। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ৬৯ বছর বয়সী বাপ্পি লাহিড়ী ভুগছিলেন অ্যাবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারত। শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, বিরাট কোহলি, যুবরাজ সিংসহ খেলার তারকাদের অনেকেই বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন।
টেন্ডুলকার লিখেছেন, ‘আমি সত্যিই বাপ্পিদা’র গান খুব পছন্দ করতাম। বিশেষ করে ‘ইয়াদ আ রাহা হ্যায়’ গানটি। আমি এটি ড্রেসিংরুমে অনেকবার শুনেছি। তাঁর প্রতিভার মাত্রা সত্যিই অনন্য।’