বিপিএলের মতো পিএসএলেও আগুন

আগুন লেগেছিল করাচি স্টেডিয়ামেছবি: ক্রিকেট পাকিস্তান টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম শুরু হবে আগামীকাল। আজ চলছে পিএসএল আয়োজনের শেষ প্রস্তুতি।

এর মধ্যেই করাচি জাতীয় স্টেডিয়ামে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। জিও নিউজ জানিয়েছে, আগুন লেগেছিল করাচি স্টেডিয়ামে।

পিএসএলের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। টুর্নামেন্ট শুরুর আগের দিন শেরেবাংলা স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডে বিদ্যুতের তার থেকে আগুন লেগেছিল।

তবে বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। পিএসএলেও একই ঘটনা ঘটল টুর্নামেন্ট শুরুর আগের দিন।

ফায়ার সার্ভিস ডেকে আগুন নেভানো হয়
ছবি: টুইটার

সূত্র মারফত জিও নিউজ জানিয়েছে, ফায়ার ব্রিগেড ডেকে আগুনের ফুলকি নেভানো হয়। করাচি স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিএসএলের জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল ধারাভাষ্যকক্ষ। বাউন্ডারি সীমানার দড়িও এ আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

জৈব সুরক্ষাবলয়ের মধ্যে রাখার উদ্দেশ্যে করাচি স্টেডিয়ামের তৃতীয় তলা থেকে ধারাভাষ্যকক্ষ মাঠের পাশে নামিয়ে আনা হয়েছে।

পিসিবির এক সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছে, জরুরি অবস্থা মোকাবিলায় ফায়ার ব্রিগেডের একটি দল করাচি স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে।

কাল করাচি স্টেডিয়ামে পিএসএলের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হবে করাচি কিংস।