বিপিএলের সূচি 'বেটার' না হওয়ায় আক্ষেপ ঢাকা-কোচের

>ঢাকা প্লাটুনের কিছু ক্রিকেটার অসুস্থতায় ভুগছেন। সরাসরি না বললেও ক্রিকেটারদের এভাবে অসুস্থ হয়ে পড়ার পেছনে বিপিএলে ঢাকার ঠাসা সূচিরও দায় দেখছেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন
তামিম ইকবালের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে ঢাকা প্লাটুন। জ্বরে ভুগেছেন মুমিনুল হকও। সুস্থ হয়ে উঠেছেন দু-দিন আগে। এর মধ্যে আরেক দুঃসংবাদ, দলটির পেসার হাসান মাহমুদও কিছুটা অসুস্থ। ঢাকার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি না বললেও ক্রিকেটারদের এভাবে অসুস্থ হয়ে পড়ার পেছনে বিপিএলের ঠাসা সূচিরই দায় দেখছেন।
বিপিএলের ঢাকা-পর্বে ৩ ম্যাচের মধ্যে শেষ ২ ম্যাচে জিতেছে ঢাকা। কিন্তু এ ম্যাচগুলো টানা খেলতে হয়েছে ঢাকাকে। ১২ থেকে ১৪ ডিসেম্বর ম্যাচ তিনটি খেলেছে ঢাকা। এ তিন ম্যাচেই খেলেছেন তামিম। রানও পেয়েছেন। কিন্তু ‘ভাইরাস জ্বরে’ পড়ে চট্টগ্রাম-পর্বে ঢাকার পরের ম্যাচে খেলতে পারছেন না জাতীয় দলের এই ওপেনার।
অবশ্য তামিমকে তিনি কোনো ঝুঁকি নিতে চান না সালাউদ্দিন। যদিও টুর্নামেন্টের এ পর্যায়ে এসে তাঁকে না পাওয়া দলের জন্য ধাক্কা হিসেবেই দেখছেন তিনি। আর এ প্রসঙ্গেই বিপিএলে নিজেদের ঠাসা সূচির প্রসঙ্গ টানলেন ঢাকার এ কোচ, ‘আসলে টুর্নামেন্টের সূচিটা আমাদের জন্য একটু খারাপ হয়ে গেছে। টি-টোয়েন্টিতে টানা তিনটা ম্যাচ খেলা যেকোনো দলের জন্যই অনেক চাপের। তামিমের না থাকা যেকোনো দলের জন্য অবশ্যই বড় ক্ষতি। আমাদের প্রধান ব্যাটসম্যান।’
বিপিএলে ১২ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলেছে ঢাকা। চট্টগ্রাম-পর্বে ঢাকার শেষ ম্যাচ ২৪ ডিসেম্বর। অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম-পর্ব মিলিয়ে ১২ দিনের মধ্যে ৬ ম্যাচ খেলতে হবে ঢাকা প্লাটুনকে। চট্টগ্রামে এমনিতেই রান হয় বেশি। কিন্তু ঠাসা সূচি এবং তাঁর চাপে ক্রিকেটারদের অসুস্থতায় বিষয়টি বুমেরাং হয়ে উঠবে কি না, তা নিয়েও দুশ্চিন্তা রয়েছে ঢাকার। এ নিয়ে সালাউদ্দিন কৌতুকের সুরেই বললেন, 'ফিকশ্চার তো আমরা করিনা। যদি নিজেরা করতাম হয়তো সুবিধা নিতাম।’
ঢাকার কোচ এরপরই ব্যাখ্যা করলেন পরিস্থিতি, ‘টি-টুয়েন্টি কিন্তু অনেক চাপের খেলা। টানা তিনটা ম্যাচ খেলা সহজ না টুর্নামেন্টের শুরুতে। সূচিটা আরেকটু বেটার হলে ভালো হতো। এখন তো চিন্তা করে কোনো লাভ নেই। তামিমের আজকে জ্বর, হাসান মাহমুদেরও জ্বর আসছে আসছে ভাব। এখন জানি না কী হবে। যে কারণে খেলোয়াড়দের একটু বিশ্রাম দিলে ভালো হতো।’
চট্টগ্রামে কালকের পর ২৩ ও ২৪ ডিসেম্বর টানা দুই ম্যাচ খেলবে ঢাকা। অর্থাৎ মাঝে কিছুটা সময় পাচ্ছে দলটি। এ কারণে তামিমকে তাড়াহুড়ো করে খেলানোর কোনো ঝুঁকি নিতে চান না সালাউদ্দিন, ‘যেহেতু আমাদের পরবর্তী ম্যাচ একটু দেরিতে আছে। যতটুকু জানি তামিম যদি একটু সুস্থ ফিল করে পারলে সে কালকের ম্যাচটাও খেলতে চাইবে। আমার মনে হয় টুর্নামেন্ট অনেক লম্বা। এত তাড়াতাড়ি খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আর দুই তিন যাক, পরে বোঝা যাবে। আমাদের পরবর্তী ম্যাচ ২৩, ২৪ তারিখ। লম্বা একটা বিরতি থাকবে। তখন সে যদি সুস্থ ফিল করে তখন হয়তো খেলবে।’
পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ চলে যাওয়ায় একটু দেরিতেই দেশের পেসার মোহাম্মদ শহীদকে দলে টেনেছে ঢাকা। এর ব্যাখ্যাও দিলেন সালাউদ্দিন, ‘আমাদের একটা জায়গা খালি ছিল। ১১জন তো নিতে হবে স্থানীয় খেলোয়াড়। পুরো টুর্নামেন্টে একটা খেলোয়াড় না থাকলে সমস্যা আসলে। কোন খেলোয়াড় কখন চোট পাবে, তখন সমস্যা হয়ে যাবে। যেহেতু ওয়াহাব রিয়াজ চলে গেছে। পেস বোলার লাগবে এ কারণে শহীদকে নিয়ে আসা।’