বিপিএলের 'পুরস্কার' পেলেন আবু হায়দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হায়দার জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছেন? ছবি: প্রথম আলো
আবু হায়দার জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছেন? ছবি: প্রথম আলো

বিরতি শেষে আবারও মাঠে নামার সময় হয়ে এল ক্রিকেটারদের। ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পের জন্য ২৭ জনের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। বিপিএলের পারফরম্যান্স দিয়ে সুযোগ পেয়েছেন আবু হায়দারের মতো কয়েকজন তরুণ খেলোয়াড়। ফিরেছেন পুরোনো দুই-একজন। এ ছাড়া খুব বেশি পরিবর্তন নেই। বেশির ভাগই দলের নিয়মিত মুখ।

নতুন বছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যস্ত থাকবে টি-টোয়েন্টির সিরিজ-টুর্নামেন্ট নিয়ে। এ কারণে বিপিএলের পারফরম্যান্স বেশ গুরুত্ব পেয়েছে। এবার বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন আবু হায়দার। তারই পুরস্কার পেলেন প্রাথমিক দলে সুযোগ পেয়ে। এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন এই ১৯ বছর বয়সী বাঁ হাতি পেসার। হোক না সেটা প্রাথমিক দল। এটাই বলে দিচ্ছে, ঠিক পথ ধরেই এগোচ্ছেন আবু হায়দার।
প্রাথমিক দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসানের মতো তরুণেরাও। দলে ফিরেছেন জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন। এ ছাড়া বাকিরা মোটামুটি বছরজুড়েই বিভিন্ন সিরিজ-টুর্নামেন্টে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন। চোটের কারণে অবশ্য এ দলে নেই রুবেল হোসেন। ৩ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় দলের কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া খেলোয়াড়দের।
নতুন বছরের প্রথম কয়েক মাস বাংলাদেশ ব্যস্ত থাকবে বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ-টুর্নামেন্ট নিয়ে। জানুয়ারির মাঝামাঝিতে আসছে জিম্বাবুয়ে। সময়-সূচি নির্ধারণ না হলেও সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা। ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের মাটিতে হবে এশিয়া কাপ, সেটিও এবার হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সামনে ব্যস্ত সূচির কথা মাথায় রেখই ঘোষণা করা হয়েছে এ প্রাথমিক দল।

প্রাথমিক দল:
তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আবু হায়দার, লিটন দাস, আল আমিন, এনামুল হক, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসান, সোহাগ গাজী, শুভাগত হোম।