বিপুলের সেঞ্চুরিতে মোহামেডানের ২৯০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল শর্মা- ফাইল ছবি
বিপুল শর্মা- ফাইল ছবি

আইপিএল থেকে ফিরেই বিশ্রামে মুস্তাফিজুর রহমান। মোহামেডান তাই পাচ্ছে না জাতীয় দলের বাঁহাতি পেসারকে। কিন্তু আজ ফতুল্লায় মোহামেডানের হয়ে জ্বললেন তাঁরই সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ বিপুল শর্মা। ভারতীয় অলরাউন্ডার আজ মোহামেডানের হয়ে প্রথম খেলতে নেমেই দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন।
তাঁর ৮৬ বলে ঠিক ১০০ রানের ইনিংস ও অধিনায়ক মুশফিকুর রহিমের ৭৫ (৭১ বল) রানের ইনিংসে ভর করে কলাবাগান ক্রীড়াচক্রকে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে মোহামেডান।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া বিপুল উইকেটে এসেছিলেন ২১তম ওভারে মোহামেডান ৩ উইকেট হারিয়ে ফেলার পর। মোহামেডানের রান তখন মাত্র ৬৯। ২৪.৩ ওভার পর কলাবাগান পেসার দেওয়ান সাব্বির বোল্ড করলেন বিপুলের নামের পাশে ১০০ রান, মোহামেডানের রান ২৪০। ব্যক্তিগত ৪৯ রানে অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন বিপুল, স্কয়ার লেগ ফিল্ডার ডানে ঝাঁপিয়ে শুধু বলে হাত ছোঁয়াতেই পেরেছেন।

মুশফিককে নিয়ে ওভারপ্রতি ৬.৯৭ গড়ে ১৭১ রানের জুটি গড়েছেন বিপুল। তাঁর ৮৬ বলের ইনিংসে আছে ৬টি চার ও ৮টি বিশাল ছক্কা। ইনিংসের ৪৬তম ওভারের প্রথম বলে কভার ড্রাইভে চার মেরে সেঞ্চুরি ছোঁয়ার পরের বলেই আউট হয়েছেন বিপুল।

দুই ওভার পর আউট মুশফিকও। বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারতে গিয়েই সীমানার কাছাকাছি জায়গায় বদলি ফিল্ডার ইসলামুল আহসানের হাতে ক্যাচ দিয়েছেন মুশফিক। তাঁর ৭১ বলের ইনিংসে চার ৫টি ও ছয় ২টি।

মোহামেডানের রানটা ২৯০ হয়েছে ইনিংসের শেষ দুই বলে হাবিবুর রহমান মিড উইকেট ও লং অফ দিয়ে বিশাল দুটি ছয় মারাতেই। হতভাগ্য বোলার সাব্বির ৯ ওভারে দিয়েছেন ৭৭ রান, মোহামেডানের ইনিংসের ১৫টি ছয়ের ৬টিই এসেছে এই পেসারের বলে।