বিফলে গেল 'পরীক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির-সৌম্যের এই জুটি আশা দেখালেও শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানেই। ছবি: শামসুল হক
সাব্বির-সৌম্যের এই জুটি আশা দেখালেও শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানেই। ছবি: শামসুল হক

১১ ওভারে ৯৯ রান দিয়ে ৩ উইকেট। সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষিক্ত চারজনের মিলিত বোলিং ফিগার এটি। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ বলেই দলে অনেক নতুন মুখের অন্তর্ভুক্তি। কিন্তু কোচের সেই আস্থার প্রতিদান দিতে পারলেন না তরুণেরা। অভিষিক্তদের সঙ্গে অভিজ্ঞরাও হতাশ করায় তৃতীয় টি-টোয়েন্টি ৩১ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশ দলের প্রায় অনভিজ্ঞ এক বোলিং আক্রমণের সর্বোচ্চ সুযোগ নিয়ে জিম্বাবুয়ে ১৮৭ রানের পাহাড় গড়েছিল। সৌম্য-সাব্বিরের জুটিতে একপর্যায়ে ভালোমতোই ছুটছিল বাংলাদেশ। ১ উইকেটে ৬৯ রান তুলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ৬ উইকেটে ১৫৬ তুলেই থামতে হলো বাংলাদেশকে। একমাত্র প্রাপ্তি সাব্বিরের ফিফটি। ব্যাটিং অর্ডারে পদোন্নতি পাওয়ার সুযোগটা মুঠোভরে নিয়ে প্রথম দুই ম্যাচে ৪৬ ও অপরাজিত ৪৩ রানের পর আজ ৩২ বলে ৯ চারে করেছেন ঠিক ৫০।

জিম্বাবুয়ের ইনিংসের তৃতীয় ওভারেই ইঙ্গিত মিলেছিল রান উৎসবের। অভিষিক্ত আবু হায়দারের দ্বিতীয় ওভারে ভুসি সিবান্দা ৩ চার ও ১ ছক্কায় নিলেন ১৮ রান। সেই যে শুরু হলো বৃষ্টির আগে আর থামল না জিম্বাবুয়ের । ৭ ওভারে ১ উইকেট হারিয়েই ৭০ করে ফেলে জিম্বাবুয়ে। বৃষ্টি-বিরতির পর বাংলাদেশকে দ্রুত দুই উইকেট এনে দেন সাকিব আল হাসান। যার প্রথমটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৪০০তম উইকেটটা পেয়ে যান সাকিব।
কিন্তু ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস মিলে ঠিকই পাল্টা আক্রমণ করে গেছেন। মাত্র ৭ ওভারে এই জুটি ৭৪ করে দলের রানকে নিয়ে যান পৌনে দুই শ’র কাছাকাছি। ১৮তম ওভারে ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৯ করা ওয়ালার আউট হয়ে যাওয়ায় আর দুই শ ছুঁতে পারেনি জিম্বাবুয়ে।

অভিষিক্ত আবু হায়দার ৪০ রানে পেয়েছেন ২ উইকেট। আরেক অভিষিক্ত মোহাম্মদ শহীদও পেয়েছেন ১ উইকেট, ৩২ রানের বিনিময়ে। মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী দুজন ২ ওভার করে বল করে যথাক্রমে ১০ ও ১৭ রান দিলেও ছিলেন উইকেট শূন্য। অভিজ্ঞরাও খুব একটা ভালো করেননি, মাহমুদউল্লাহ ১ ওভারে দিয়েছেন ১৭ রান।

১৮৮ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিদায় ইমরুল কায়েসের। দ্বিতীয় উইকেটে ৭ ওভারে ৬৭ রানের জুটি গড়েছিলেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। সৌম্য ২৫ রানে আউট হয়ে গেলেও মোসাদ্দেককে নিয়ে ভালোই এগোচ্ছিলেন সাব্বির। কিন্তু দ্বাদশ ওভারে মাত্র পঞ্চাশ ছোঁয়া সাব্বির ফিরে যাওয়ার পর পথ হারায় বাংলাদেশ। সাকিব, মাহমুদউল্লাহ ফিরেছেন ৩ ও ৬ করে। মোসাদ্দেক ১৫ করে আউট করেছেন ১৯ বল খেলে।


শেষ দিকে আরেক নতুন মুখ নুরুল হাসান ১৭ বলে ৩০ করলেও বাংলাদেশ ম্যাচ হেরে গেছে তারও অনেক আগেই। মুক্তার অপরাজিত ছিলেন ১৯ রানে। জিম্বাবুয়ের হয়ে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন গ্রায়েম ক্রেমার। সিকান্দার রাজা নিয়েছেন ২ উইকেট।
সিরিজে বাংলাদেশ এখনো ২-১ ব্যবধানে এগিয়ে।