বিফলে জুনায়েদের সেঞ্চুরি, শেষ হাসি শুভাগতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর জুনায়েদ। কাল ফতুল্লায় l সৌজন্য ছবি
সেঞ্চুরির পর জুনায়েদ। কাল ফতুল্লায় l সৌজন্য ছবি

শুভাগত হোম। জাতীয় দলে খেলেও যিনি ঠিক তারকা নন! সেই শুভাগতই কাল উজ্জ্বল আলো ছড়ালেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই টানা তৃতীয় জয় এনে দিয়েছে চ্যাম্পিয়ন আবাহনীকে। মাশরাফি-মুশফিকের লিজেন্ডস অব রূপগঞ্জকে প্রথম হারের স্বাদ দিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে নাসির হোসেনের গাজী গ্রুপ ক্রিকেটার্সও। শেখ জামাল ধানমন্ডির কাছে ৫ রানে হেরে ‘তিনে তিন’ করার সুযোগ হারিয়েছে রানার্সআপ প্রাইম দোলেশ্বর।
ফতুল্লায় শুভাগত উইকেটে আসেন ৪৭তম ওভারের দ্বিতীয় বলে আবাহনী পঞ্চম উইকেট হারানোর পর। আবাহনী ততক্ষণে তুলে ফেলেছে ২৭৪ রান। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই ঝড় তোলেন শুভাগত। মাত্র ১৭ বলেই ৭ চার ও ১ ছক্কায় ৪৪ রান করে দলকে পৌঁছে দেন ৩২৭ রানে, যা এবারের লিগের সর্বোচ্চ। ৯৪ রানের ইনিংস খেলে সবচেয়ে বড় অবদান রেখেছেন এতে ভারতীয় ব্যাটসম্যান উদয় কৌল। জবাবে ওপেনার জুনায়েদ সিদ্দিক সেঞ্চুরি পেলেও ব্রাদার্স পুরো ৫০ ওভার খেলে করতে পারে ২৯৫ রান। ১০ ওভারে ৪৫ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার শুভাগত।
বিকেএসপিতে ভেজা আউটফিল্ডে ৪৭ ওভারে নামিয়ে আনা ম্যাচের ৪৪ ওভারেই অলআউট রূপগঞ্জ, ১৫৬ রানে। এই রানটাও এসেছে নবম উইকেট জুটিতে মোশাররফ ও শরীফের ৫৭ রানের কল্যাণে। নয়ে নেমে সর্বোচ্চ ৩৭ রান মোশাররফের। গাজীর পেসার আবু হায়দার নিয়েছেন ৪ উইকেট। ১৫৭ রানের লক্ষ্যটা ১১ ওভার ও ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় গাজী। এই ম্যাচেও রান তাড়ায় অপরাজিত থাকেন নাসির হোসেন, এবার অবশ্য মাত্র ১৫ রানে।
বিকেএসপির অন্য মাঠে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে ৩৮ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান করে শেখ জামাল। সর্বোচ্চ ৬৭ রান জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের। ভারতীয় ব্যাটসম্যান পুনিত সিং ৬০ বলে ৮৩ রান করলেও দোলেশ্বর থেমে যায় ২৩০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ৩২৭/৬ (কৌল ৯৪, মাহমুদউল্লাহ ৪৯*, নাজমুল ৪৯, লিটন ৪৮, শুভাগত ৪৪; অলক ২/৪৬, কাজী কামরুল ২/৫৬)। ব্রাদার্স: ৫০ ওভারে ২৯৫/৮ (জুনায়েদ ১১৪, মিজানুর ৪২, নিহাদুজ্জামান ৪১*; শুভাগত ৩/৪৫, সাইফউদ্দিন ২/৫০)।
ফল: আবাহনী ৩২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম।

রূপগঞ্জ: ৪৪ ওভারে ১৫৬ (মোশাররফ ৩৭, মাহমুদুল ৩০, শরীফ ২৯; হায়দার ৪/২৬, পারভেজ ৩/১৭, মেহেদী ২/২৮)। গাজী গ্রুপ: ৩৬ ওভারে ১৫৭/২ (জহুরুল ৬২*, মুমিনুল ৪৪, এনামুল ৩৪; মাশরাফি ১/২৭, মাহমুদুল ১/২৭)।
ফল: গাজী গ্রুপ ৮ উইকেটে জয়ী (ডি/এল)। ম্যান অব দ্য ম্যাচ: আবু হায়দার।

শেখ জামাল: ৩৮ ওভারে ২৩৫/৭ (ইমরুল ৬৭, ফজলে ৫৫, নুরুল ৪৭*; হাবিবুর ২/৪৪, আরাফাত সানি ২/৫২)। দোলেশ্বর: ৩৮ ওভারে ২৩০/৭ (পুনিত ৮৩, মার্শাল ৪২, শাহরিয়ার ৩১; রাজ্জাক ৩/৩৯, শাহাদাত ২/৪০)।
ফল: শেখ জামাল ৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আবদুর রাজ্জাক।

আজকের খেলা
মোহামেডান-প্রাইম ব্যাংক (ফতুল্লা)  ভিক্টোরিয়া-কলাবাগান (বিকেএসপি-৩)  পারটেক্স-খেলাঘর (বিকেএসপি-৪)
* ম্যাচ শুরু সকাল ৯টায়