বিভাগ নয়, সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগের বদলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকে হবে সিটি করপোরেশনভিত্তিক। এবারের তৃতীয় বিপিএলে থাকছে ছয় ফ্র্যাঞ্চাইজি, ভবিষ্যতে যে সংখ্যাটা সর্বোচ্চ ১০ পর্যন্তও যেতে পারে।
কাল বিসিবি কার্যালয়ে গভর্নিং কাউন্সিলের সভার পর সংবাদ সম্মেলনে জানানো হলো তা; ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের নামও। চট্টগ্রামের মালিকানা পেয়েছে ডিবিএল গ্রুপ, বরিশাল এক্সিওম টেকনোলজিস, সিলেট আলিফ গ্রুপ, রংপুর আই স্পোর্টস, কুমিল্লা রয়্যাল স্পোর্টস লিমিটেড ও ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছে বেক্সিমকো গ্রুপ।
তৃতীয় বিপিএলের প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর। ২২ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহাসহ উপস্থিত ছিলেন অন্য সদস্যরাও।
প্রথম বিপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজি ছিল, দ্বিতীয় বিপিএলে সাতটি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশাল এবারও থাকছে। নতুন এসেছে কুমিল্লা। পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিকেরা বকেয়া শোধ করেই এসেছেন। বিসিবির পাওনা আছে শুধু রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার আগের মালিকদের কাছে। এসব বকেয়া আদায়ে বিসিবি আইনের আশ্রয় নিয়েছে।
বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা নিয়ে আগেও প্রশ্ন ছিল। এ ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন ইসমাইল হায়দার মল্লিক, ‘গভর্নিং কাউন্সিলের কেউ দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না। মালিক বা পরামর্শক কিছুই হতে পারবে না। তবে যাঁরা গভর্নিং কাউন্সিলে নেই, তাঁরা সম্পৃক্ত হতে পারবেন। জাতীয় দলের কোচিং স্টাফরাও পারবেন।’ কিন্তু ঢাকার ফ্র্যাঞ্চাইজি যারা নিচ্ছে, সেই বেক্সিমকো গ্রুপের সঙ্গে যে সম্পৃক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং মল্লিক নিজেও! সদস্যসচিবের ব্যাখ্যা, ‘আমি বেক্সিমকো ফার্মাতে কাজ করি আর দল নিয়েছে বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকোতে আমি চাকরি করি, মালিক নই। বোর্ড সভাপতিও বেক্সিমকো গ্রুপের মালিক নন, ওখানে চাকরি করেন। কাজেই স্বার্থের সংঘাত হওয়ার সম্ভাবনা নেই।’
বাংলাদেশের নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরে না পাঠালে পিসিবি পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে খেলতে দেবে না বলে গুঞ্জন শোনা যাচ্ছে। মল্লিক অবশ্য দাবি করলেন, ‘পাকিস্তান বোর্ডের সঙ্গে যেকোনো সময়ের তুলনায় আমাদের সম্পর্ক এখন ভালো। পাকিস্তানি ক্রিকেটাররা আসবে না, এ রকম কিছু জানা নেই।’
দ্বিতীয় বিপিএল ছিল ফিক্সিং-কেলেঙ্কারিতে জর্জরিত। টুর্নামেন্টটা আরেকবার মাঠে গড়ানোর আগে তাই সেই ভয়টা ফিরে আসতে বাধ্য। সেবার বিসিবির নিয়োগ দেওয়া আইসিসির দুর্নীতি দমন বিভাগ, আকসুর কর্মকর্তারাই উন্মোচন করেছিলেন বিপিএলের অন্ধকার জগৎ। অথচ এবার বিসিবি আকসুর সহায়তা নিচ্ছে না। এ জন্য বিসিবির নিজস্ব দুর্নীতি দমন বিভাগকেই যথেষ্ট মনে করছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।