বিয়ে করলেও ক্রিকেটারদের নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার জন্য বাড়িতে থাকা হয় কম, তাই জীবনসঙ্গী ও সন্তানকে কাছে রাখার পক্ষে ওয়ার্নার। ছবি টুইটার থেকে নেওয়া
খেলার জন্য বাড়িতে থাকা হয় কম, তাই জীবনসঙ্গী ও সন্তানকে কাছে রাখার পক্ষে ওয়ার্নার। ছবি টুইটার থেকে নেওয়া

‘...আমারে ছাড়িয়ে রে বন্ধু কই গেলা রে...’। এ গান যেন ক্রিকেটারদের সঙ্গিনীর জন্যই। অন্যদিকে ক্রিকেটাররাও বিরহে গেয়ে উঠতে পারেন, ‘আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর...’। 

প্রিয়তমাকে রেখে সত্যি যাযাবর জীবন আন্তর্জাতিক ক্রিকেটারদের। অধিকাংশ সময় কেটে যায় মাঠে আর হোটেলে। এ কারণে ক্রিকেটে এমন ‘প্রবচন’ও আছে, ‘ক্রিকেটারদের বিয়ে? কক্ষনো নয়!’
ক্রিকেট আর পারিবারিক জীবনের ‘দ্বন্দ্ব’ পুরোনোই। জীবন থেকে ক্রিকেট এতটাই সময় নিয়ে নেয়, পরিবারের জন্য সময় বরাদ্দ থাকে কমই। এ নিয়ে প্রিয়তমার মুখভার দেখাটাও ক্রিকেটারদের জন্য নিত্য ঘটনা। ক্রিকেটারদের যাযাবর জীবনযাপন ও তাঁদের জীবনসঙ্গীদের একাকী জীবনের গল্প কাউন্টি ক্রিকেটের ইতিহাসের সমান! ইংলিশ ক্রিকেটে তো ‘ক্রিকেট-বিধবা’ শব্দজোড়াটি বহু আগ থেকেই চালু। আগে কাউন্টি ক্রিকেটে সপ্তাহের চার দিনের ম্যাচ ও এর আগে-পরের দিনগুলোয় সব যাতায়াতে ব্যয় করতে হতো ক্রিকেটারদের। মৌসুমজুড়ে তাই ক্রিকেটারদের বাড়ির মুখ দেখা কঠিনই ছিল। ক্রিকেটের কারণে বিচ্ছেদের ঘটনা তাই ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বেশি।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ঠিক আগেই দল থেকে নাম কাটিয়ে নিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম থর্প। ক্রিকেটে ব্যস্ত থাকার কারণে স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়েছিলেন। বাধ্য হয়ে নিজের সন্তানদের সময় দেওয়ার জন্য বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন থর্প। সতীর্থ ড্যারেন গফকেও বিচ্ছেদ মেনে নিতে হয়েছিল। তাঁর স্ত্রীর অভিযোগ ছিল, পরিবারকে পর্যাপ্ত সময় দিচ্ছেন না ইংলিশ পেসার। তাঁদের দুই সতীর্থ ডমিনিক কর্ক ও মার্ক বুচারকেও একই ভাগ্য বরণ করতে হয়।
ফিল টাফনেলের ক্ষেত্রে ঘটেছিল এক মজার ঘটনা। ১৯৯৭-৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিমানবন্দরে নামতেই অভ্যর্থনা জানাতে এসেছিল তাঁর তিন বছর বয়সী কন্যা পপি। বাবাকে সব সময় বিদায় জানাতে অভ্যস্ত পপি স্বাগত জানিয়েছিল, ‘বাই-বাই ড্যাডি’ বলে!
একবার ইংল্যান্ড দলের স্পনসর হয়েছিল ইলেকট্রনিকস কোম্পানি জেভিসি। নিয়ম মেনেই ক্রিকেটারদের নিজেদের পণ্য উপহার দিয়েছিল তারা। সতীর্থেরা যেখানে উচ্চপ্রযুক্তির উপহার নিতে ব্যস্ত, ইংলিশ ক্রিকেটার ডেরেক রেন্ডেল নিলেন একটি ভিডিও ক্যামেরা। কেন জানেন? বাচ্চাদের বড় হওয়ার বিভিন্ন ঘটনা রেকর্ড করে রাখতে। ক্রিকেট খেলতে গিয়ে যে বাচ্চাদেরই সময় দিতে পারেন না।
১৯৮২-৮৩ মৌসুমে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ১৪৮ দিনের সফর ছিল ইংল্যান্ডের। ইংলিশ ব্যাটসম্যান ক্রিস টাভারে সঙ্গে নিলেন নববধূ ভেনেসাকে। কিন্তু ভেনেসার যে বিমানে চড়া ও উচ্চতাভীতি রয়েছে, তা জানতেন না। বিপত্তি শুরু হলো সফর শুরুর পর। পুরো সফরে মোট বিমানযাত্রা ছিল ২৩ বার। টিম হোটেলগুলো ছিল আকাশচুম্বী। স্ত্রী ভেনেসার ওপর দিয়ে রীতিমতো ঝড়ই বয়ে গেল। স্ত্রীর সমস্যা ভালোই ভোগাচ্ছিল টাভারেকেও। তবে কখনো প্রকাশ করেননি নিজের অসন্তুষ্টি। প্রকাশ করলেন একবারে মাঠে। মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে ব্যাট করতে নেমে প্রথম শটটাই খেললেন রীতিমতো রেগেমেগে! ঘরে শান্তি না থাকলে যা হয় আরকি!
উপমহাদেশেও এমন ঘটনা নেহাত কম নয়, বিশেষ করে ভারতে। এখানে পারিবারিক বন্ধন যথেষ্ট দৃঢ়; রয়েছে নানা সামাজিক রীতিনীতি। হুট করেই দাম্পত্য জীবনের সমাপ্তি টানা যায় না। অথচ জাভাগাল শ্রীনাথের বিয়ে ভেঙেছে ক্রিকেটের কারণেই। সৌরভ গাঙ্গুলির মতো খেলোয়াড়ের দাম্পত্য জীবনও নাকি পড়েছিল হুমকির মুখে!
খেলোয়াড়দের বছরের প্রায় অর্ধেক সময়েই কাটাতে হয় হোটেলে । দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকতে থাকতে খেলোয়াড়দের মধ্যে অনেক সময় একাকিত্ব কিংবা ঘিরে ধরে হতাশা। তবুও পেশাদারির জায়গা থেকে খেলাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন খেলোয়াড়েরা। এ ক্ষেত্রে যশ-খ্যাতির আকর্ষণ থাকলেও ত্যাগটা আসলে দেশের জন্যই। উইজডেন অবলম্বনে।