বিরক্ত লেম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্ক কি খেলবেন বিশ্বকাপে? খেললে কি তিনিই অধিনায়ক থাকবেন, না অন্য কেউ? চোটের কারণে দলের বাইরে থাকে অস্ট্রেলীয় অধিনায়ককে নিয়ে এমন অনেক প্রশ্ন সংবাদমাধ্যমে। একের পর এক গুঞ্জনে স্বভাবতই চটেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, ‘আমি বিরক্ত। আমি শুধু তার ফিরে আসার দিকেই তাকিয়ে আছি। সে গ্রেড ক্রিকেটে খেলেছে, বৃহস্পতিবার এখানেও (ব্রিসবেনে) খেলবে। তার সঙ্গে আমার কথা হয়েছে। প্রার্থনা করি যাতে সে নির্ধারিত সময়ের আগেই ফিরে আসতে পারে।’ ক্লার্ককে নিয়ে এত গুঞ্জন তৈরি করায় সংবাদমাধ্যমকেও একহাত নিলেন অস্ট্রেলিয়ার কোচ, ‘সংবাদমাধ্যম যা খুশি বলতে পারে। তারা ধোঁয়াশা সৃষ্টি করবে, নানাজনের নানা মতামত দেবে। আমরা এসব গায়ে মাখি না।’ ফিট হয়ে দলে ফিরলে ক্লার্কই অধিনায়ক থাকবেন বলেও আশাবাদী লেম্যান, ‘আমরা আমাদের অধিনায়ককে ফিট হিসেবে চাই, বিশেষ করে চার বছর পর আসা এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে (বিশ্বকাপ)। এরপর আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে, অ্যাশেজ আছে। আমরা তাকেই প্রস্তুত পেতে চাই, কারণ সে দলটাকে দারুণভাবে নেতৃত্ব দেয়।’ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়া জেমস ফকনার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে খেলতে পারবেন না বলেও নিশ্চিত করেছেন লেম্যান। ক্রিকইনফো।