বিরক্ত শোয়েবের চোখে পাকিস্তানের প্রধান নির্বাচক শুধুই ‘খেলার পুতুল’

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সবার আগে যেসব দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে, তাদের মধ্যে অন্যতম পাকিস্তান। যথারীতি এই দলেও আছে বেশ কিছু চমক। দলে কয়েকজনের থাকা আর কয়েকজনের না থাকা প্রশ্নের জন্ম দিয়েছে।

১৫ সদস্যের এ দলে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ জায়গা পেলেও বাদ পড়েছেন দুই সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ। মূল দলে জায়গা হয়নি ওপেনার ফখর জামানেরও। আবার আজম খানের মতো খেলোয়াড়ের ডাক পাওয়া চমকে দিয়েছে অনেককে।

বাবর আজমের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার এই দল দেখে সন্তুষ্ট নন। বিরক্ত হয়ে সরাসরি তোপ দেগেছেন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের দিকে। শোয়েবের মতে, দল গঠনের ব্যাপারে ওয়াসিমের কোনো ভূমিকা নেই, তিনি নিছকই একজন খেলার পুতুল!


‘মোহাম্মদ ওয়াসিম কোনো প্রধান নির্বাচক নন। তিনি শুধু একজন খেলার পুতুল’—ক্রিকেট পাকিস্তানে ক্ষোভটা এভাবেই ঝেড়েছেন শোয়েব।

পাকিস্তান দলে জায়গা পাননি বেশ কিছু পরিচিত মুখ
ফাইল ছবি: এএফপি

১৭ অক্টোবর ওমান আর আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে ১০ তারিখ পর্যন্ত বোর্ডগুলো চাইলে বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। সেই আশাতেই আছেন শোয়েব। সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের স্কোয়াডে পরিবর্তন আসবেই।


পাকিস্তানের দলটা তাহলে কেমন হওয়া উচিত ছিল, সে প্রশ্নের জবাবেও শোয়েব ছিলেন সোজাসাপ্টা। তাঁর মতে, ফখর জামান ও ফাহিম আশরাফের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে নেওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে বাবর আজম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, শাহনাওয়াজ দাহানি, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ফখর জামান ও হুসেইন তালাতের থাকা উচিত ছিল।

দলে জায়গা হয়নি শোয়েব মালিকের
ফাইল ছবি

তবে শোয়েব মালিক, ফখর জামান ও ফাহিম আশরাফ ছাড়াও শোয়েবের বলা দলটায় থাকা শাহনাওয়াজ দাহানি, মোহাম্মদ আমির ও হুসেইন তালাত জায়গা পাননি ঘোষিত বিশ্বকাপের স্কোয়াডে। সেখানে জায়গা করে নিয়েছেন খুশদিল শাহ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফের মতো খেলোয়াড়েরা।


পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলী, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, ইমাদ ওয়াসিম ও শাহিন শাহ আফ্রিদি।


রিজার্ভ: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির