বিরক্তিকর অধিনায়ক স্মিথ!
আক্রমণাত্মক ব্যাটিংটা ভালোই জানা স্টিভ স্মিথের। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন ক্রিকেটের তিন সংস্করণেই। কিন্তু অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে গেলে কেমন যেন নিজেকে একটু গুটিয়ে ফেলেন। অধিনায়ক স্মিথ যেন কোনোরকম ঝুঁকি নিতে চান না, ঘর গুছিয়ে তারপর জয়ের কথা ভাবেন।
পূর্বসূরি মাইকেল ক্লার্কের সঙ্গে এখানেই তফাত স্মিথের। খেলায় প্রাণ ফেরাতে যেকোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে এক পায়ে খাড়া ছিলেন ক্লার্ক। এ কারণে বেশ কয়েকবার চড়া মূল্যও দিতে হয়েছে তাঁকে। তবু খেলার আনন্দকেই সব সময় বড় করে দেখেছেন ক্লার্ক। কিন্তু অধিনায়ক স্মিথ নিরাপদ থাকতেই পছন্দ করেন। সদ্য সমাপ্ত পার্থ টেস্টেই যেমন ম্যাচের শেষ দিনে আড়াই শ লিড হওয়ার পরও ইনিংস ঘোষণা করেননি। ৩২০ রানের লিড হওয়ার পর ইনিংস ঘোষণা করলেন, দেখা গেল দিনের বাকি মাত্র ৪২ ওভার। ম্যাচের ফল নিয়ে সৃষ্ট আগ্রহে জল ঢেলে দিয়েছে স্মিথের এমন সিদ্ধান্ত। এমন রক্ষণাত্মক ক্রিকেট ভালো চোখে দেখেননি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। সাবেক পেসার রডনি হগ তো এক শব্দেই অধিনায়ক স্মিথের বর্ণনা দিয়ে দিলেন, ‘জঘন্য’! সিডনি মর্নিং হেরাল্ড।