বিরক্তিকর ক্রিকেট থেকে বাঁচালেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিংটা দারুণই করছিলেন। আজ ব্যাটেও নিজেকে ফিরে পেলেন সাকিব। ছবি: শামসুল হক
বোলিংটা দারুণই করছিলেন। আজ ব্যাটেও নিজেকে ফিরে পেলেন সাকিব। ছবি: শামসুল হক

বিরক্তিকর! পুরো ম্যাচটিকে এক কথায় বর্ণনা দিতে চাইলে আর কোনো শব্দের প্রয়োজন হয় না। সাকিব আল হাসানকে ধন্যবাদ দিতেই হচ্ছে। সময়মতো ব্যাট হাতে নিজেকে খুঁজে পেয়েছেন বলেই বিরক্তিকর ক্রিকেটের এমন অত্যাচার মাত্র ২১.৪ ওভার স্থায়ী হলো।
নিজেদের আগের ম্যাচেই বরিশাল বুলসকে ৫৮ রানে আউট করে বিপিএলের সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিয়েছিল সিলেট সুপারস্টারস। সেই ব্যথাতে সমব্যথী হয়েই বোধ হয় আজ সেই রেকর্ড নিজেদের করে নিতে চাইছিল সিলেট দল। পুরো দল মিলে জোর চেষ্টাই চালিয়েছে কিন্তু ‘বেরসিক’ সোহেল তানভীরের ‘অনাহূত’ হস্তক্ষেপে সে সুযোগ হাতছাড়া হলো সিলেটের। সিলেট আজ ৫৮-এর চেয়ে মাত্র এক রান বেশি করে অলআউট হয়ে গেল। ১০ ওভারও লাগল না রংপুর রাইডার্সের লক্ষ্যে পৌঁছে যেতে। ৮ উইকেটে জিতে শেষ চার নিশ্চিত করল সাকিবের দল।
সিলেটের দশা আরও খারাপ হতে পারত। ৪৩ রানেই পড়ে গিয়েছিল তাদের ৮ উইকেট। সিলেটের ভাগ্য ভালো, স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে গেলেন তানভীর। আটে নেমেও সিলেটের হয়ে দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটসম্যান তিনি। এই পেসার ১৭ বলে ২০ রান করেছেন বলেই ‘৫৮’ রানের ‘লক্ষ্য’টা পার করতে পারল সিলেট। কাজটা হয়ে গেছে ভেবেই হয়তো তারপরই আউটও হয়ে গেলেন। সিলেট টিকল মাত্র ১১.৫ ওভার।
টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল সিলেট। প্রথম ওভারেই মুনাবীরাকে আউট করে শুরুটা করলেন আরাফাত সানি। অন্যপ্রান্ত থেকে সাকিবও যোগ দিলেন উইকেট উৎসবে। ফলাফল, সপ্তম ওভারেই ৩০ রানে ৬ উইকেট হারিয়ে বসল সিলেট। চারটি উইকেট নিয়েছেন সানি, বাকি দুটি সাকিবের। যেখানে শেষ করলেন সাকিব-সানি, সেখানেই শুরু করলেন মোহাম্মদ নবী। ফলে একটু পরেই স্কোর বোর্ডের দিকে তাকাতেই দেখা গেল, ৮ উইকেট হাওয়া হয়ে গেছে।

অথচ স্কোর বোর্ডে ৫০-ই জমা পড়েনি। দুদিন আগে প্রতিপক্ষ দেওয়া লজ্জার মুকুটটা কি নিজেরাই​ ফিরিয়ে নেবে? ম্যাচ-ট্যাচ তখন দূরের কথা, সিলেটের সমর্থকেরা হয়তো প্রাণপণে প্রার্থনা করছিলেন ‘৫৮’ পার হওয়ার। তানভীর সেই প্রার্থনা ​শুনতে পেয়েছিলেন হয়তো।
মাত্র ৬০ রানের জবাবে রংপুর দলও শুরু করেছিল বিরক্তিকর ক্রিকেট। ৬ ওভারের পাওয়ার প্লেতে তুলল মাত্র ২৮, উল্টো ২ উইকেটও​ নেই। ভাগ্য ভালো, তিনে নামা সাকিব দর্শকদের বিরক্তিকর ক্রিকেট থেকে বাঁচাতে এগিয়ে এলেন। তাঁর চারটি চারের সাজানো ২৪ বলে ২৯ রানের ইনিংসের সুবাদেই ৯.৫ ওভারেই ৬০ রান তুলে ফেলে রংপুর।
এ দিন ব্যাটেও স্বচ্ছন্দ ছিলেন সাকিব। তবে ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাঁর সতীর্থ সানিই। ৮ উইকেটে ম্যাচটি জিতে পয়েন্ট তালিকার দুইয়েও চলে এসেছে রংপুর। শুধু নিজেরা নয়, তারা শেষ চার নিশ্চিত করেছে তিনে থাকা বরিশাল বুলসেরও। সিলেটের শেষ চারের আশা এখনো টিকে আছে, এও তো কম আশ্চর্যের নয়।