বিরক্তিকর ম্যাচ, তার চেয়ে বিরক্তিকর সংবাদ সম্মেলন

মাত্র তিন বল আগে ম্যাচের সমাপ্তি। এমন ম্যাচও যে এমন নিরুত্তাপ হতে পারে—রংপুর রাইডার্স আর বরিশাল বুলস খেলা না দেখলে বোঝানো কঠিন। ২০ ওভার ব্যাটিং করে রংপুর তুলল মোটে ১০৪। ঝিমুনি খেলায় বিরক্ত হয়েই কিনা ‘জল ঢেলে’ দিতে চাইল প্রকৃতি। শীতকালের অসময়ের বৃষ্টিতে খেলা বন্ধ। সেই সময়টাতেই যা একটু গল্প-গুজব করে সময়টা উপভোগ করতে পারল গাঁটের টাকা খরচ করে মাঠে আসা দর্শকেরা।
বৃষ্টির কারণেই বরিশালের নতুন লক্ষ্য ঠিক হলো ১৩ ওভারে ৭৫। ওভারে ছয়েরও নিচে করে রান তুললেই জেতা যায় এমন ম্যাচে বরিশাল অহেতুক ঝুঁকিই বা নেবে কেন? দেখে-শুনে খেলেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল তারা। টি-টোয়েন্টি নাকি ছক্কা-বৃষ্টির ক্রিকেট। আজকের বৃষ্টিস্নাত ম্যাচে ছক্কা হলো সব মিলিয়েই চারটি!
দর্শকদের তবু রক্ষা, ‘যন্ত্রণা’ ওখানেই শেষ। কিন্তু ক্রীড়া সাংবাদিকদের আসল যন্ত্রণা তো ওখানেই শুরু। এই ম্যাচ নিয়েই লিখতে হবে প্রতিবেদন, কাভার করতে হবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন। বরিশালের হয়ে সংবাদ সম্মেলনে এলেন আল আমিন, এবং সব মিলিয়ে সেটির স্থায়িত্ব হলো দুই মিনিট! নির্বিঘ্নে শেষ হওয়া ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনগুলোর একটি কি না, কে জানে!
আল আমিন যেমন ঝোড়ো গতিতে এলেন, তেমনি চলে গেলেন। এর পর মিনিট বিশের অপেক্ষা। রংপুর রাইডার্সের কেউ কি আজ আসবেন না? খানিকটা সংশয়ই তৈরি হলো। অতঃপর এলেন শেন জার্গেনসেন। রংপুর কোচকে দেখে অবশ্য সাংবাদিকদের খুব একটা ‘খুশি’ হতে দেখা গেল না। বরিশাল-রংপুরের ম্যাড়ম্যাড়ে ম্যাচে লেখার উপাদান এমনিতে কম। সংবাদ সম্মেলনে যদি ‘কিছু’ পাওয়া যায়, সে আশাতেও যেন গুড়ে বালি!
এ ম্যাচের ফল নির্ধারণ হয়ে গিয়েছিল আল আমিনের প্রথম ওভারেই। এক ওভারেই ফিরিয়েছিলেন রংপুরের অন্যতম দুই ভরসা সৌম্য সরকার ও সাকিব আল হাসানকে। আজকের উইকেটের চরিত্র না বুঝেই চালাতে গিয়েছিলেন রংপুরের দুই তারকা ব্যাটসম্যান। ফল পেয়েছেন হাতেনাতে। ১০ রানে ২ উইকেট হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি রংপুর। অলআউট ১০৪ রানে। বৃষ্টি বাগড়ার পরও বরিশাল ম্যাচ জিতেছে অনায়াসে।
রংপুর কোচ জার্গেনসেনও জানালেন, ‘তাঁর দলের ব্যাটসম্যানরা উইকেট পড়তে পারেননি। অতি আক্রমণাত্মক হতে গিয়েছিলেন।’ সৌম্য-সাকিব না পারলেও আল আমিন ঠিকই বুঝেছিলেন উইকেটে তাঁর জন্য কিছু আছে, ‘উইকেট থেকে সাহায্য পেয়েছি। উইকেট ভেজা ছিল। লেংথে যদি বল করা যায় তাহলে ভালো কিছু হবে। এটা ভেবেই চেষ্টা করেছি।’
প্রতিপক্ষের সেরা দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে খুশির ঝিলিক আল আমিনের মুখে, ‘তাদের ফেরানো তো বিশাল ব্যাপারই। দুজনই বাংলাদেশ দলের ইনফর্ম ব্যাটসম্যান। এ কারণে পুরো কৃতিত্ব উইকেটের। উইকেট থেকে সাহায্য পেয়েছি।’
অবশেষে শেষ হলো ‘ফাদার সিক, কাম সুন’ টাইপের টেলিগ্রাফিক সংবাদ সম্মেলন।