বিরতির পর যাদব-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকেই বাজিমাত কুলদীপ যাদবের ছবি: রয়টার্স।
অভিষেকেই বাজিমাত কুলদীপ যাদবের ছবি: রয়টার্স।

স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের ১৩৪ রানের জুটিটা ভাঙলেন কুলদীপ যাদব। অথচ বাঁহাতি ‘চায়নাম্যান’ বোলার যাদবের ধর্মশালায় খেলারই কথা ছিল না। অধিনায়ক বিরাট কোহলি কাঁধের চোটের কারণে সরে দাঁড়ালে টেস্ট ক্যাপ পড়ার সুযোগ হলো তাঁর। মাঠে নেমেই দলকে এনে দিলেন তিন-তিনটি উইকেট। প্রথমে ফেরালেন উইকেটে প্রায় জমে যাওয়া ডেভিড ওয়ার্নারকে। পারে দারুণ দুটি বলে ফেরালেন প্রথমে পিটার হ্যান্ডসকম্ব, পরে গ্লেন ম্যাক্সওয়েলকে। প্রথম সেশনে রাজত্ব করা অস্ট্রেলিয়া এক অভিষিক্তের হাতেই খেই হারিয়ে দিশেহারা। ১৮০ রান তুলতেই ৫ উইকেট নেই তাদের। মধ্যাহ্নবিরতির পর ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছে স্টিভ স্মিথের দল।
স্মিথ-ওয়ার্নার জুটিটা চোখ রাঙাচ্ছিল ভারতকে। ভয়ংকর হয়ে উঠছিলেন তারা। ওয়ার্নার এই সিরিজে সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন আজই। লাঞ্চের পর অবশ্য তিনি যোগ করতে পেরেছেন মাত্র ২ রান। যাদবের বলটি একটু লাফিয়ে উঠেছিল। ব্যাক ফুটে গিয়ে ওয়ার্নার ব্যাট পেতে দিলেও তা কানায় লেগে চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা অধিনায়ক অজিঙ্কা রাহানের হাতে।
হ্যান্ডসকম্বকে রীতিমতো বোকা বানিয়েছেন কুলদীপ। অফ স্টাম্পের ওপর পড়ে বলটি বাঁক খেয়ে সোজা ভেঙে দেয় হ্যান্ডসকম্বের মিডল স্টাম্প। কুলদীপের তৃতীয় উইকেটটি আরও চমৎকার। অফ ও মিডল স্টাম্পে পড়া বলটি বাঁক নিয়ে কীভাবে যে স্টাম্প ভেঙে দিল বুঝতেই পারলেন না ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের উইকেটটি আরও চমৎকার। অফ ও মিডল স্টাম্পে পড়া বলটি বাঁক নিয়ে কীভাবে যে স্টাম্প ভেঙে দিল বুঝতেই পারলেন না ম্যাক্সওয়েল।
লাঞ্চের পর ওয়ার্নার আর হ্যান্ডসকম্বের মাঝে আরেক ‘যাদব’ উমেশ যাদবের বল উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়েছেন শন মার্শ। উমেশের লেগ স্টাম্পের বলটি পুল করতে চেয়েছিলেন মার্শ। ব্যাট ছুঁয়ে বলটা চলে যায় ঋদ্ধিমানের বিশ্বস্ত গ্লাভসে। স্টিভেন স্মিথ অবশ্য পৌঁছে গেছেন সেঞ্চুরির খুব কাছে। তিনি অপরাজিত ৯৭ রানে।
শুরুর ধাক্কাটা কিন্তু দিয়েছিল ভারতই। দলের ১০ রানের মাথায় উমেশ যাদবের বলে বোল্ড হন ম্যাট রেনশ। এরপর পাল্টা লড়াইয়ে রাজত্ব করেন ওয়ার্নার-স্মিথ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্রুততর উইকেটের সুবিধাটা তাঁরা নিয়েছেন দারুণভাবেই। লাঞ্চের আগে পর্যন্ত অস্ট্রেলিয়া রান তুলেছে ওভারপ্রতি ৪.২২ হারে। ভুবনেশ্বর কুমারের করা দিনের প্রথম বলেই অবশ্য তৃতীয় স্লিপে দাঁড়িয়ে ওয়ার্নারের ক্যাচ ফেলেন করুন নায়ার। উমেশ যাদব ভালো বল করছেন। ২ উইকেট নিয়েছেন তিনি। সূত্র: স্টার স্পোর্টস।