বিরল কীর্তি গড়েছেন জানতেনই না পেরেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিসারা পেরেরা, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা দ্বিতীয় বোলার।
থিসারা পেরেরা, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা দ্বিতীয় বোলার।

ক্রিকেটে হ্যাটট্রিক তো আর কালেভদ্রে হয় না। টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক তো আরও বিরল। দুই দিন আগেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেই কীর্তি ছিল মাত্র তিনজনের। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের ‘ডাবল’ ছিল একজনরেই। সেই কীর্তি গড়ার পরও থিসারা পেরেরা মাঠে সেদিন সে রকম কোনো উচ্ছ্বাস দেখাননি। এবার জানা গেল, ভারতের সঙ্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে যে হ্যাটট্রিক করে ফেলেছেন, সেটিই নাকি বুঝতে পারেননি!

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে এটি প্রথম হ্যাটট্রিক। সব দল মিলিয়েই টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক ছিল ব্রেট লি, জ্যাকব ওরাম ও টিম সাউদির। এর মধ্যে কেবল লি ওয়ানডেতেও টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়েছিলেন। গত টি-টোয়েন্টিতে হার্দিক পাণ্ডে, সুরেশ রায়না ও যুবরাজ সিংকে আউট করে লিয়ের সেই কীর্তির পাশে বসলেন পেরেরাও। এর আগে ২০১২ সালে ওয়ানডেতেও হ্যাটট্রিক করেছিলেন এই পেসার।
পেরেরার আসলে ‘দোষ’ নেই। গত ম্যাচে হ্যাটট্রিকটা এসেছিল ১৯তম ওভারের। খুবই দ্রুত বদলাচ্ছিল সবকিছু। চতুর্থ বলটা লো ফুলটস করেছিলেন পেরেরা, লং অনে ক্যাচ তুলে দিলেন পান্ডে। পরের বলটা ফুলটস, এবার সুরেশ রায়না ক্যাচ দিলেন স্কয়ার লেগে। কী অদ্ভুত, ওভারের শেষ বলটাও সেই ফুল টসই। সেটিতেও ক্যাচ তুলে দিলেন যুবরাজ। তিন ফুলটসে হ্যাটট্রিক!
রাঁচির ওই ম্যাচ পেরেরা বলেছেন, ‘আসলে আমি জানতামই না হ্যাটট্রিক হয়েছে। ইনিংসের শেষ দিকে বোলিং করছিলাম। পুরো মনোযোগ ছিল বোলিংয়েই। আমার সতীর্থরা হ্যাটট্রিকের কথা মনে করিয়ে দিয়েছিল। তখন বলে বলো, বাহ বেশ তো! এটি অবশ্য আমার দ্বিতীয় হ্যাটট্রিক প্রথমটা ছিল ওয়ানডেতে।’
পেরেরা এমন কীর্তির পরও শেষ পর্যন্ত লাভ হয়নি। ম্যাচটা ৬৯ রানে হেরে যায় শ্রীলঙ্কা। আজ বিশাখাপত্তমে তৃতীয় টি-টোয়েন্টিটা তাই হয়ে গেছে সিরিজ নির্ধারণী। সূত্র: পিটিআই।