বিরল চোটে সিরিজই শেষ স্টেইনের

দিনের প্রথম ঘণ্টার একটু পরই ঘটনাটা ঘটল। উসমান খাজাকে একটা বল করে কাঁধ চেপে উইকেটের ওপর বসে পড়লেন ডেল স্টেইন। মাঠে ছুটে এলেন দলের ফিজিও, একটু পরেই মাঠ ছেড়ে বেরিয়ে এলেন স্টেইন। তখনো বোঝা যায়নি, কতটা গুরুতর চোট পেয়েছেন স্টেইন। পরে জানা গেল, কাঁধের চোট পুরো সিরিজ থেকেই ছিটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারকে।
গতকাল নিজের বোলিংয়ে হতাশ করেছিলেন স্টেইন। কিন্তু আজ সকাল থেকেই দারুণ বল করছিলেন। দ্বিতীয় স্পেলে এসে আউট করে দিলেন দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারকে। তখন মনে হচ্ছিল, আরেকটি ‘স্টেইন-গান’ শোই বোধ হয় দেখতে যাচ্ছে সবাই। কিন্তু ওয়ার্নারকে ফিরিয়ে দেওয়ার ৮ বল পরেই মাঠ ছেড়েছেন স্টেইনও। গত ডিসেম্বরে এই কাঁধেই চোট পেয়ে অনেক দিন মাঠের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার।
দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি জানিয়েছেন, ‘এ ম্যাচে তাঁর আর খেলার কোনো সম্ভাবনা নেই (খুব প্রয়োজন দেখা দিলে ব্যাটিং করবেন)। এই সিরিজেও আর খেলবেন না তিনি। দক্ষিণ আফ্রিকায় ফিরে বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন। তখন জানা যাবে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এই ধরনের চোট খুবই বিরল এবং সার্জারির প্রয়োজন হয়। তবে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেই আমরা নিশ্চিত হব।’
আজ স্টেইনকে ছাড়াই অস্ট্রেলিয়াকে অলআউট করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু র্যাঙ্কিং সেরা পেসারকে ছাড়া পুরো সিরিজ কাটানোটা দলের জন্য বড় বিপদেরই কথা।