বিরল পরাজয় চোখ রাঙাচ্ছে ভারতকে

ভারতের মাটিতে ভিনদেশি দলগুলোর ট্রফি নিয়ে উল্লাস শেষ কবে দেখেছেন? গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতিটা হয়তো এখনো মলিন হয়নি সবার। তবে যদি দ্বিপক্ষীয় সিরিজের হিসাব ধরেন, সব ধরনের ক্রিকেট মিলিয়েই ভারত নিজেদের মাঠে কী অবিশ্বাস্য দাপটই না দেখিয়ে চলেছে! এর মধ্যে কেবল একটা পূর্ণাঙ্গ সিরিজে হোঁচট খেয়েছিল তারা, ২০১৫ সালের শেষে দক্ষিণ আফ্রিকা যেবার ভারত সফর করল। হেরেছিল ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেই। ওই দুটি সিরিজ বাদে নিজেদের মাঠে ভারত গত ১৪টি সিরিজে জিতেছে!
গত ১৬ সিরিজের ১৪টিতে জেতা ভারতকে তাই আজ বিরল এক পরাজয় চোখ রাঙাচ্ছে। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচে সহজে জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচটা জিততে জিততে ৫ রানে হেরেছে, যাতে আছে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের ভূমিকাও। ফলে আজ শেষ ম্যাচে ভারতকে ফেবারিট বলার উপায় নেই। বরং এবারের উপমহাদেশ সফরে ঘাম ছুটে যাওয়া ইংল্যান্ড শেষটা করতে চায় ইতিবাচক কিছু দিয়েই। আর এটি হলে ইংল্যান্ডের জন্য তা হবে আরও বিরল এক সিরিজ জয়ও।
২০১২ সালে টেস্ট সিরিজটা ইংল্যান্ড ২-১-এ জিতেছিল। তা ছিল ১৯৮৪ সালের পর ভারতের মাটিতে ইংল্যান্ডের প্রথম কোনো টেস্ট সিরিজ জয়। ১৯৩৩ সাল থেকে ইংলিশরা তাদের একসময়ের এই উপনিবেশে নিয়মিতই সফর করেছে। শুরুর সময় থেকেই ভারত মাথা উঁচু করে লড়াই করেছে। এখান থেকে তাই বেশ কয়েকবারই তিক্ত স্মৃতি নিয়ে ফিরতে হয়েছে ইংলিশদের। ১৯৮৪ সালের পর থেকে তো ২৮ বছর সিরিজই জিততে পারল না। এর মধ্যে সবচেয়ে বড় দুঃখ হয়ে আছে কলকাতার ইডেন গার্ডেনে হওয়া ১৯৮৭ বিশ্বকাপ ফাইনাল। গত বছর এই ইডেনেই কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জিততে জিততে হেরে গিয়েছিল ইংল্যান্ড।
হোক না টি-টোয়েন্টি, তিন ম্যাচের এই সিরিজ জিতলে আজ ট্রফি নিয়ে ইংলিশদের উদ্যাপনটা বাঁধনহারা হতেও পারে!