বিরাট মহিমায় ফাইনালে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রশ্নটাই অদ্ভুত। তবে এই অদ্ভুত প্রশ্নের উত্তরটা বোধ হয় আপনারও জানা। পাকিস্তানের বিপক্ষে সবুজ পিচ আর প্রমত্ত আমিরকে জয় করা বিরাট কোহলির ইনিংসটি নিয়ে স্তুতির এমনই বান ছুটেছিল যে অনেক সেঞ্চুরির ভাগ্যেও তা জোটে না।
সেঞ্চুরি নয়, হাফ সেঞ্চুরিও না। টি-টোয়েন্টির আয়নায় সবচেয়ে বড় ছায়া ফেলে যে স্ট্রাইক রেট, সেই বিবেচনায় তো নিতান্তই শম্বুকগতির এক ইনিংস—৫১ বলে ৪৯। অথচ সেটিরই এমন মহিমা যে অর্ধশতাব্দীরও বেশি ক্রিকেটে পড়ে থাকা পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম পর্যন্ত ‘আহা-উহু’ করছেন।
এই এশিয়া কাপ টি-টোয়েন্টি কূলে এক ব্যতিক্রম। বোলাররা এখানে ক্রিকেটের সৎছেলে নয়। চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই—এই থিম সং এখানে অচল। ‘বল গড়াইয়া’ হয়তো যাচ্ছে, তবে চার-ছক্কা হচ্ছে চুপিসারে, একদমই ‘হই হই’ রব তুলে নয়। এই এশিয়া কাপ ব্যাটসম্যানশিপের পরীক্ষা নিচ্ছে এবং সেই পরীক্ষায় বিরাট কোহলি আবারও বুঝিয়ে দিলেন, তিনি অন্য জাতের ব্যাটসম্যান।
পাকিস্তান ম্যাচের মতো উত্তুঙ্গ চাপ এখানে ছিল না। ছিলেন না মোহাম্মদ আমির নামে রক্ত হিম করা কোনো বোলারও। যিনি ‘আমির’ হতে পারতেন, সেই লাসিথ মালিঙ্গা তো হাঁটুতে টেপ লাগিয়ে ড্রেসিংরুমে বসে।
তারপরও চাপ ছিল। নামতে হয়েছে ১১ রানে ১ উইকেট পড়ে যাওয়ার পর। দেখতে না দেখতেই যা ২ উইকেটে ১৬। কোহলিকে এসব কিছু স্পর্শ করে বলে মনে হয় না। টি-টোয়েন্টিতেও যে ক্লাসিক্যাল ব্যাটিংয়ের জায়গা আছে, এই এশিয়া কাপ যেন তাঁর কাছে তা প্রমাণের মঞ্চ। শ্রীলঙ্কার ১৩৮ পেরোতে ভারতকে যে ১৯.২ ওভার পর্যন্ত খেলতে হলো, মনে হলো এটাও তিনি ওরকম চেয়েছেন বলেই। চাইলেই আরও আগে ম্যাচ শেষ করে দিতে পারতেন।
টি-টোয়েন্টিতে শটের চেয়ে চার-ছয় বেশি মনে থাকে। এখানে মনে ছবি আঁকল চামিরার বলে কোহলির অপূর্ব কাভার ড্রাইভ। হেরাথের বলে বাতাসে চাবুক চালানোর মতো ওই ফ্লিক। দুটিতেই চার হয়েছে, দ্বিতীয়টিতে এসেছে ভারতকে ফাইনালে তুলে দেওয়া জয়—অতি জরুরি এসব তথ্যও যেন এখানে বাহুল্য।
ভারতীয় ইনিংসের একটা সময় মনে প্রশ্ন জাগছিল—কীভাবে মনে থাকবে এই ম্যাচ! ব্যাটিং-মহিমায় বিরাট কোহলির আরও ‘বিরাট’ হয়ে ওঠা, নাকি শাপগ্রস্ত যুবরাজ সিংয়ের শাপমোচনের রাত!
প্রায় দুই বছর আগে এই মিরপুরেই তো যুবরাজের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, প্রতিপক্ষ এই শ্রীলঙ্কাই। ২১ বলে ১১ রানের ভৌতিক এক ইনিংসে যেন লেখা হয়ে গিয়েছিল ক্রিকেটার যুবরাজের এপিটাফ। মিরপুরে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই কাল ১৮ বলে ৩৫। ৩টি ‘যুবরাজীয়’ ছক্কা বুঝিয়ে দিল, তাঁকে প্রত্নতত্ত্ব ভাবার সময় এখনো আসেনি।
শ্রীলঙ্কা দলকে যা ভেবে বসতে পারেন কেউ। ২০১৪ সালে বাংলাদেশে এসে শুধু জয় আর জয়—বাংলাদেশের বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সব জিতেছিল শ্রীলঙ্কা। এই দল যেন সেটির ধ্বংসাবশেষ। এখন পর্যন্ত একটিই জয়, সেটিও পুঁচকে আরব আমিরাত ছিল বলে। কাগজে-কলমে ফাইনাল খেলার সুযোগ অবশ্য এখনো আছে। আজ বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিলে সেটিও মিলিয়ে যাবে হাওয়ায়।
মালিঙ্গাবিহীন বোলিং আক্রমণ পাতে দেওয়ার মতো নয়। আর ব্যাটসম্যানরা তো পণ করে নামছেন প্রতি পদে পদে জয়া-সাঙ্গাকে মনে করিয়ে দেওয়ার। কাল ষষ্ঠ ওভারের মধ্যে ৩ উইকেটে ৩১। ১০৫ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর শেষ দিকে ধুমধাড়াক্কা কিছু মারে রানটা ১৩৮ হলো। টি-টোয়েন্টিতে এটা কোনো রান নাকি!
তার ওপর প্রতিপক্ষ দলে যদি বিরাট কোহলি নামে কোনো ব্যাটসম্যান থাকে!

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৮/৯
ভারত: ১৯.২ ওভারে ১৪২/৫
ফল: ভারত ৫ উইকেটে জয়ী