বিরাটের আগেই মাঠে নামছেন আনুশকা

ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই আনন্দিত। বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই যে শুরু হয়ে যাচ্ছে ধুন্ধুমার রোমাঞ্চ আর জাঁকজমকে ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ৮ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের জনপ্রিয় এই টুর্নামেন্টের অষ্টম আসর। খেলা মাঠে গড়ানোর আগে, ৭ এপ্রিল কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হবে এর জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। খবরের হেডলাইনটি দেখে যারা মাথা চুলকাচ্ছিলেন তাদের খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ব্যাট-বল হাতে খেলতে নামছেন না আনুশকা। তবে চোখ ধাঁধানো পারফরম্যান্স নিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন তিনি।
আইপিএল সচিব অনুরাগ ঠাকুরের স্বাক্ষরিত একটি বিবৃতি আইপিএলের ওয়েবসাইটে ঝুলছে। সেখান থেকেই জানা গেল উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনার ভার পড়েছে বলিউড তারকা সাইফ আলি খানের ওপর। ক্রিকেটের সঙ্গে সাইফের একরকম নাড়ির যোগই আছে বলা যায়। তাঁর বাবা মনসুর আলি খান পতৌদিও ছিলেন খ্যাতনামা ক্রিকেট খেলোয়াড়। এতদিন মাঠে খেলেছেন বিরাট, দর্শক ছিলেন আনুশকা। রুপালি পর্দার বাইরে, এদিন বিরাট নিজেই বনে যাবেন মাঠে আনুশকার দর্শক। আনুশকার সঙ্গে দেখা যাবে আরেক বলিউড অভিনেতা শহিদ কাপুরকে।
অন্যতম আকর্ষণ হিসেবে স্টেজে আসবেন অভিনেতা হৃতিক রোশন। আইপিএলে আর আগে অনেক বড় বড় তারকাদের দেখা গেলেও এই প্রথম আসবেন হৃতিক। উপস্থিত থাকবেন বলিউড রাজ্যের আরেক নাগরিক ফারহান আখতারও। তবে এদিন 'অভিনেতা' ফারহান বনে যাবেন 'গায়ক'। সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড। গান নিয়ে মঞ্চে আসবেন দলবল সহ বলিউডের আরেক ‘বাঙালি’ মিউজিশিয়ান প্রীতমও।
এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) উপস্থিত থাকবেন টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দলের অধিনায়কেরাও। তাদের এমসিসির ক্রিকেটীয় চেতনার শপথবাক্য পাঠ করাবেন রবি শাস্ত্রী। তারপর প্রথা অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর শিরোপাটি ফিরিয়ে দেবেন নির্ধারিত স্থানে। এর মধ্য দিয়েই শুরু হবে শিরোপার নতুন দাবিদারদের লড়াই। প্রায় দুই ঘন্টার এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে কলকাতার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
আইপিএলের নিয়মিত মুখ বলিউড কিংবদন্তি শাহরুখ খান। মাঠে কিংবা দর্শক সারিতে তাঁর উপস্থিতি ভালোভাবেই লক্ষ্য করা যায়। শোনা যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন দলের অন্যতম মালিক এদিন থাকবেন না সল্টলেকে। সিনেমার কাজের জন্যই নাকি এদিন অন্যত্র ব্যস্ত থাকবেন তিনি। তবে তাঁর অনুপস্থিতিও যে এই অনুষ্ঠানের পরিবেশ এতটুকু ম্লান করবে না, এটা আগেভাগেই বলে দেওয়া যায়।