বিরানব্বইয়ে নেই কোনো ৫ উইকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম বিরানব্বইয়ের বিশ্বকাপে ১৮ উইকেট পেলেও তাঁর নেই ৫ উইকেটের কৃতিত্ব ছবি: ক্রিকইনফো।
ওয়াসিম আকরাম বিরানব্বইয়ের বিশ্বকাপে ১৮ উইকেট পেলেও তাঁর নেই ৫ উইকেটের কৃতিত্ব ছবি: ক্রিকইনফো।

বিরানব্বইয়ের বিশ্বকাপ খেলা বোলারদের কথা মনে আছে নিশ্চয়। ওয়াসিম আকরাম, আকিব জাভেদ, কপিল দেব, ম্যালকম মার্শাল, প্যাট্রিক প্যাটারসন, ক্রেইগ ম্যাকডারমট, ব্রুস রিড, ক্রিস লুইসের মতো বোলাররা রাঙিয়েছিলেন সেবারের বিশ্বকাপ-মঞ্চ। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, আজ থেকে ২৩ বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে কোনো বোলারই পাঁচ উইকেট শিকার করতে পারেননি।
অস্ট্রেলিয়ার দ্রুতগতির উইকেট কিংবা সেখানকার বাউন্স ঐতিহাসিক ব্যাপার হিসেবেই স্বীকৃত। তাই ১৯৯২ সালের বিশ্বকাপে বোলারদের একটিও পাঁচ উইকেটের সাফল্য না থাকা বিস্ময় না জাগিয়ে পারেই না!
এমনিতেই বিশ্ব ক্রিকেটে বিপ্লব হয়েই এসেছিল সেবারের বিশ্বকাপ। রঙিন জার্সি, সাদা বল, কালো সাইটস্ক্রিন কিংবা টেলিভিশন সম্প্রচারে নতুনত্ব—সবই অন্য মাত্রা দিয়েছিল সেবারের বিশ্বকাপকে। ফ্লাড লাইটের আলোয় ম্যাচ বিশ্বকাপকে মাতিয়েছিল আলাদা রোমাঞ্চে।
২৩ বছর পর বিশ্বকাপ আয়োজনে আবারও প্রস্তুত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তাদের মাটিতে? নাকি সাকিব-আফ্রিদি-ভেট্টোরি কিংবা সাউদি-স্টেইন-মিচেল জনসনদের মতো কেউ বদলে দেবেন বিরানব্বইয়ের সেই দৃশ্যপট।