
দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় জয়ের পর সিরিজ জয়ের স্বপ্নটাই হয়তো বুনতে শুরু করেছিল জিম্বাবুয়ে। কাল হারারেতে সেই স্বপ্নের করুণ মৃত্যু হলো। ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজ জিতল পাকিস্তান।
চামু চিবাবা ও রিচমন্ড মুতুম্বামির ৮৯ রানের উদ্বোধনী জুটির পর মনে হচ্ছিল গত ম্যাচের ধারাবাহিকতায় বড় স্কোরই গড়বে স্বাগতিকেরা। কিন্তু তখনো যে বাকি বিলাল আসিফের স্পিন-জাদু! প্রথম ৪ ওভারে কোনো উইকেট না পেলেও শেষ পর্যন্ত ২৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। একের পর এক উইকেট হারিয়ে ৬৭ বল অব্যবহৃত রেখে ১৬১ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। পরে ওপেন করতে নেমে বিলাল খেলেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস।
ক্রিকেটার হিসেবে বিলালের শুরুটাকে বিলম্বিতই বলতে হবে। ২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২৬ বছর বয়সে। গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে মূলত ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নজরে পড়েন নির্বাচকদের। গত শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে
অভিষেকে কোনো উইকেট পাননি, ব্যাটিংয়েও আউট হয়েছেন কোনো রান করার আগেই। সেই দুঃস্মৃতিতে প্রলেপ পড়ল কালকের পারফরম্যান্সে।
মূলত স্পিনেই সর্বনাশ হয়েছে জিম্বাবুয়ের। ৩ উইকেট নিয়ে বিলালের সঙ্গে যোগ্য সংগত করেছেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। টেন ক্রিকেট, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৩৮.৫ ওভারে ১৬১ (চিবাবা ৪৮, মুতুম্বামি ৬৭, চারি ৪, উইলিয়ামস ৫, চিগুম্বুরা ০, রাজা ২, মুতুম্বোজি ৪, ওয়ালার ৮, জঙ্গুয়ে ১৬*, পানিয়াঙ্গারা ০, নিয়ুম্বু ৪; ইরফান ১/৪৩, ইয়ামিন ০/২৯, রিয়াজ ০/২৪, ইমাদ ওয়াসিম ৩/৩৬, আসিফ ৫/২৫, মালিক ১/৪)।
পাকিস্তান: ৩৪ ওভারে ১৬২/৩ (শেহজাদ ৩২, আসিফ ৩৮, হাফিজ ১৩, শফিক ৩৮*, মালিক ৩৪*; পানিয়াঙ্গারা ১/২২, জঙ্গুয়ে ০/৪২, উইলিয়ামস ১/২৯, নিয়ুম্বু ১/৩৩, মুতুম্বোজি ০/২১, ওয়ালার ০/১১, রাজা ০/২)।
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
সিরিজ: পাকিস্তান ২-১-এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বিলাল আসিফ।
ম্যান অব দ্য সিরিজ: শোয়েব মালিক।