বিলি বাউডেনের নতুন কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারজুড়ে এমন মজার সব ভঙ্গির জন্য আলোচিত ছিলেন বিলি বাউডেন। ফাইল ছবি।
ক্যারিয়ারজুড়ে এমন মজার সব ভঙ্গির জন্য আলোচিত ছিলেন বিলি বাউডেন। ফাইল ছবি।

ব্যাটসম্যানরা ব্যাটিং করবেন, বোলার বল ছুড়বেন। সেদিকে তো নজর রাখবেনই। তবে মাঠে আম্পায়ার হিসেবে যদি বিলি বাউডেন থাকেন, দর্শকদের চোখ তাঁর ​দিকেও পড়বে। বিনোদনের অভাব কী সেখানেও কম! বাঁকানো আঙুল তুলে আউট দেওয়া। অদ্ভুতুড়ে সব ভঙ্গিতে দেবেন চার-ছক্কার সংকেত। নিউজিল্যান্ডের এই আম্পায়ারকে ক্রিকেট মনে রাখে গ্লেন ম্যাকগ্রাকে লাল কার্ড দেখানোর মতো হাসির কাণ্ডগুলোর জন্যও।

হাসির কাণ্ড কালও একটা করেছেন বাউডেন। ব্যাটসম্যানকে আউট দিতে গিয়ে শেষ মুহূর্তে বদলান নিজের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত বদলাতে গিয়ে যা করলেন তাতে দেখা মিলল আরেকটি ‘বাউডেন-ক্লাসিকের’।
ঘটনাটা নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশের। হ্যামিল্টনের সেডন পার্কে মুখোমুখি হয়েছিল নর্দার্ন ডিস্ট্রিক্টস ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। সেন্ট্রালের হয়ে ব্যাট করছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। নর্দার্নের বোলার স্কট কুগেলেইনের একটি বল অফ সাইডে মারতে চেয়েছিলেন মাহেলা। ব্যাটে-বলে হয়েছে কি না বোঝা যায়নি, বল যায় উইকেটকিপারের হাতে। ক্যাচের আবেদনও হলো। তখনই বাঁধল ফ্যাকড়া।
আউট ভেবেই হয়তো, নিজস্ব ভঙ্গিতে আঙুল ওঠাতে যাচ্ছিলেন আম্পায়ার বাউডেন। কিন্তু সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই সম্ভবত তাঁর মনে হয়েছিল, ‘না, এটা আউট নয়।’ শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাচ্ছেন, কিন্তু বড়শির মতো বাঁকা আঙুল তো ততক্ষণে অনেকটা উঠেই গেছে। কি আর করবেন বাউডেন! ওই আঙুল দিয়ে শুধু নিজের মাথার হ্যাটটাকেই একটু ঠিকঠাক করে নিলেন। ভাবখানা এমন, ‘আমি তো হ্যাট জায়গামতো বসেছে কি না, সেটি দেখতেই আঙুল উঠিয়েছিলাম!’
স্বাভাবিকভাবেই টুইটারে এ নিয়ে সাড়া পড়েছে অনেক। ‘গুরুগম্ভীর’ কেউ কেউ হয়তো বাউডেনের আম্পায়ারিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ হেসেই অস্থির। একজন তো এমনও লিখেছেন, ‘বাউডেন, তুমি সর্বকালের সবচেয়ে মজার আম্পায়ার!’ সূত্র: স্টাফ নিউজিল্যান্ড।

ভিডিও এমবেডেড কোড (টুইটার থেকে নেওয়া):