বিশ বিশ নয়, বিষ বিষ

২০২০ ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য অতৃপ্তি আর অপূর্ণতার।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে মধ্যবিত্ত ট্র্যাজেডি উপন্যাস কিংবা সিনেমার সঙ্গে মেলানো যায়।

সুখ-দুঃখ নিয়েই সোনার সংসারের সামনে অমিত সম্ভাবনা। নিকটতম দিনগুলোয় সেসব সম্ভাবনা কাজে লাগানোর সুযোগও ছিল সবচেয়ে বেশি। কিন্তু লাল-সবুজ জার্সির এই সরল ভাবনা সহজে ফলে গেলে তা আর ট্র্যাজেডি হবে কেন!

প্রায় কিছুই ফলেনি, বেশির ভাগ সুযোগেরই অপমৃত্যু; বছরটা তাই বিশ বিশ নয় ‘বিষ বিষ’ হয়ে গেঁথে থাকবে বাংলাদেশ ক্রিকেটের খেলার মাঠে। এই বিষের জ্বালা ছিল প্রায় বছরজুড়েই। দুই টেস্ট, তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টিতে শান্তি মিলেছে দুদণ্ড। হার-জিত যা–ই হোক, অন্তত মাঠে তো নামা গেছে!

অথচ ২০২০ সালে ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ। আয়ারল্যান্ডের সঙ্গে বাতিল হওয়া টেস্ট হিসাবের বাইরে রেখেই এ বছর ১০টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু টেস্টে সবচেয়ে ‘দীর্ঘ’ বছরের শেষ দিনটিতে এসে কিনা সন্তুষ্ট থাকতে হচ্ছে অতি অল্পে!

পাকিস্তানে গিয়ে টেস্টে হয়েছে ভরাডুবি
ছবি: এএফপি

আবার এই অল্পের সঙ্গে ছোটদের জড়ালে তা বড় হয়ে ওঠে। অনেক বড়, যা বড়রাও পারেনি। এই বিশ বিশেই বিশ্বজয় হয়েছে উনিশের হাত ধরে। উনিশের দুনিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। কী আশার কথা! পচেফস্ট্রুমে সেদিন আকবররা বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে কূলে নোঙরের ‘ম্যাজিক’ দেখান, করোনার বিপক্ষে এমন লড়াইয়ের প্রত্যাশা গোটা জাতির কাছেই।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সফরসহ সব সূচি ভেস্তে দেয় করোনাভাইরাস। মাঠে নামা গেছে শুধু পাকিস্তান ও জিম্বাবুয়ে বিপক্ষে। দুই টেস্টে এক জয়, তিন ওয়ানডের সিরিজ জয় এবং চার টি-টোয়েন্টির দুটিতে জয়—হার-জিতের পরিসংখ্যানে বিশ বিশ একেবারে মন্দ নয়! কিন্তু সব জয়ে জিম্বাবুয়ের নাম জড়িয়ে থাকায় করোনাকে আরও বেশি করে ‘খলনায়ক’ লাগবে। খেলাগুলো ঠিকঠাক মাঠে গড়ালে জিম্বাবুয়ের সঙ্গে আরও দু-চারটে দলের নামও তো থাকতে পারত! কিংবা এশিয়া কাপ ও টি–টোয়েন্টি বিশ্বকাপ; করোনায় স্থগিত না হলে এ দুটি টুর্নামেন্টেও ভালো করার সুযোগ ছিল বাংলাদেশ দলের।

টেস্ট জয়ের আনন্দও আছে এ বছর
ছবি: প্রথম আলো

পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। যাব না, যাব না করে তিন দফায় পাকিস্তান সফরে যেতে রাজি হয় বাংলাদেশ। প্রথম দুই দফায় টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজে হারতে হয়। ওদিকে শ্রীলঙ্কা সফরে যাব যাব করেও শেষ পর্যন্ত কোয়ারেন্টিন জটিলতায় যাওয়া হয়নি। ঘরোয়া ক্রিকেটে বাতিল হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। মাঠে খেলা না থাকায় ক্রিকেটাররাও অন্য চরিত্রে আবির্ভূত হন। তামিম ইকবাল হয়ে উঠেছিলেন উপস্থাপক! অনলাইনে লাইভ ভিডিও অনুষ্ঠানে ক্রিকেটারদের এনে তামিমের নানা রকম স্মৃতিচারণা সময় কাটানোর খোরাক জুগিয়েছে ভক্তদের।

লিটন খেলেছেন ১৭৬ রানের অনন্য এক ইনিংস।
ছবি: প্রথম আলো

ভক্তদের কথা যেহেতু উঠলই, এ বছর তাঁদের সবচেয়ে বড় অপেক্ষা ছিল সাকিব আল হাসানকে ঘিরে। দিনপঞ্জির পাতায় ২৯ অক্টোবর আসতেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান সাকিব। তার আগে দিন গুনে গুনে তাঁর মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন ভক্তরা। অপেক্ষা ছিল ক্রিকেটের মাঠে ফেরারও। প্রেসিডেন্ট কাপ ক্রিকেটের সৌজন্যে সেটি সাকিবের মাঠে ফেরার আগেই অনলাইনে সরাসরি দেখেছেন দর্শকেরা। করোনাকালে ঘরোয়া ক্রিকেটারদের রুটি–রুজির সুযোগ করে দিতে যথেষ্ট সতর্কতার মধ্যেই ১১ অক্টোবর এই টুর্নামেন্ট শুরু করে বিসিবি। এরপর বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ, যেটি দিয়ে মাঠে ফেরেন সাকিব। সংক্ষিপ্ত সংস্করণের এ টুর্নামেন্ট থেকে তরুণ কিছু ক্রিকেটারও পেয়েছে বাংলাদেশ। এ দুটি টুর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ পেতেই পারে বিসিবি।

যেকোনো উইকেটে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটি এসেছে এ বছরই।
ছবি: প্রথম আলো

তবে মাঠে ফিরেও সাকিবের স্বরূপে ফিরতে না পারা দুশ্চিন্তায় ফেলেছে ভক্তদের। দীর্ঘ এক বছর পর ক্রিকেটে ফেরা সাকিবকে ঠিক আগের মতো দেখা যায়নি বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে। এদিকে নতুন বছরের শুরুর মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। করোনায় ২০২০ ভুলে থাকা কঠিন হলেও সাকিব নিশ্চয়ই এই বছরটা ভুলে নতুন শুরু করতে চাইবেন।

ঠিক যেভাবে কাল থেকে নতুন স্বাভাবিকতায় নতুন শুরুর অপেক্ষায় দেশের মানুষ। শুভ খ্রিষ্টীয় নববর্ষ!