বিশপের চোখে বিশ্বকাপের ফেবারিট কারা

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা গত রোববারই উঠেছে। কিন্তু প্রথম পর্বে খেলা দলগুলোর প্রতি অসম্মান প্রদর্শন না করেও বলতে হচ্ছে, শিরোপাপ্রত্যাশীদের বিশ্বকাপ এখনো শুরু হয়নি। সুপার টুয়েলভ শুরু হবে আগামী শনিবার। প্রথম পর্ব থেকে উঠে আসা চার দল ও আগে থেকেই জায়গা করে নেওয়া আট দল নিয়েই শুরু হবে বিশ্বকাপের মূল রোমাঞ্চ।

সময় যতই কমে আসছে, বিশ্বকাপকে ঘিরে মানুষের উত্তেজনা ততই বেড়ে চলেছে। সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটাররা বিশ্বকাপ নিয়ে তাঁদের মতামত জানাচ্ছেন প্রতিদিনই। যেমন বর্তমান বিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত ক্রিকেট ধারাভাষ্যকার ইয়ান বিশপ এ বিশ্বকাপে তাঁর চোখে ফেবারিট দলগুলোর নাম জানিয়ে দিলেন।

কিংবদন্তি পেসার ইয়ান বিশপ
ফাইল ছবি: এএফপি

সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার অবশ্য ফেবারিট বাছতে গিয়ে বড় এক ‘লিস্ট’ বানিয়ে ফেলেছেন। তাঁর মতে, অনেকগুলো দলেরই এবারের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। তাঁর ‘সংক্ষিপ্ত’ তালিকায় পাঁচটি দলকে সবার ওপরে রেখেছেন। তিনি বলেছেন, এদের মধ্য থেকে যেকোনো একটি দল জিতবে এবারের বিশ্বকাপ।

বেটওয়ের সঙ্গে কথা বলার সময় বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানালেন বিশপ, ‘আমাদের বাস্তবতা স্বীকার করতে হবে যে এবারের বিশ্বকাপে অনেক দলই আছে, যারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।’

ইংল্যান্ড দল
ফাইল ছবি

এরপর এবারের বিশ্বকাপে তাঁর চোখে যারা ফেবারিট, তাদের শক্তিমত্তার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন, ‘ইংল্যান্ডের কিছু ব্যাটসম্যান আছে, যারা ম্যাচের যেকোনো পরিস্থিতিতে আগ্রাসী ব্যাটিং করতে পারে। ভারতের গোটা দলটাই তো তারকায় পূর্ণ। ইদানীং নিউজিল্যান্ড আগের চেয়ে অনেক বেশি চার-ছয় মারছে, তাদের বোলিংও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা। পাকিস্তানের বোলিং আক্রমণও বরাবরের মতোই ভালো এবং এই কন্ডিশন তাদের কাছে অতিপরিচিত।’

এরপর নিজের দল ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের অভিজ্ঞতা। ফলে আমি তাদের নিয়ে খুবই আশাবাদী।’

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে অনায়াসে হারিয়েছে ভারত
ছবি: বিসিসিআই টুইটার

২০১৬ বিশ্বকাপের ফাইনাল মানেই কার্লোস ব্রাফেট আর চার বলে চার ছক্কা। বেন স্টোকসের চতুর্থ বলটা যখন গ্যালারিতে আছড়ে পড়ছিল, তখন বিশপের ভারী গলা, ‘কার্লোস ব্রাফেট, রিমেম্বার দ্য নেম!’ এর পেছনের গল্পটা জানালেন বিশপ, ‘ওই ফাইনালের আগে অনেক প্রশ্ন উঠেছিল। এর মধ্যে একটি ছিল ফাইনালে ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো ছাড়া আর কে ভালো করতে পারে?’

খেলার শেষ ওভারে ধারাভাষ্য করছিলেন ইংল্যান্ডের ডেভিড লয়েড। লয়েড নিজেই নাকি তাঁকে শেষ ওভারে ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করেন, ‘আমি তখন ধারাভাষ্য দিচ্ছিলাম না। দিচ্ছিলেন ডেভিড লয়েড। কীভাবে খেলাটি শেষ হয়, তা দেখার জন্য আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তিনিই শেষ ওভারের আগে আমার কাঁধে টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেন এবং মাইক নিয়ে আমাকে বসতে অনুরোধ করেন, “এই ওভারটায় তুমি ধারাভাষ্য দাও।”’

কার্লোস ব্রাফেট
ফাইল ছবি: এএফপি

তাঁর কাছে কেন কার্লোস ব্রাফেটকে তখন ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় মনে হয়েছিল, সেটাও ব্যাখ্যা করেন বিশপ, ‘কার্লোসের কথা আমার মাথায় এসেছিল। কারণ, পুরো বিশ্বকাপেই সে ভালো বল করেছিল এবং ও ব্যাট দিয়ে খুব জোরে বলটাকে আঘাত করতে পারে। ফলে কার্লোস যখন শেষ ছক্কাটা মারল, লয়েডকে আমি ওর সম্পর্কে যা বলেছিলাম, সেটাই চিৎকার করে বলে উঠি, “কার্লোস ব্রাফেেট, রিমেম্বার দ্য নেম!”’

আগামী শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১–এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।