বিশেষ জার্সিতে ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে রাজস্থান রয়্যালস

শেন ওয়ার্নছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সময় আজ রাত আটটায় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। সেই ডিওয়াই পাতিল স্টেডিয়াম, যে স্টেডিয়ামে ২০০৮ সালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নিজেদের প্রথম ও একমাত্র আইপিএল শিরোপা জিতেছিল রাজস্থান।

আইপিএলের ইতিহাসের প্রথম শিরোপাও ছিল সেটি। ১৪ বছর পর সে মাঠে খেলতে নামার আগে ওয়ার্নকে সম্মান জানানোর সুযোগটা কীভাবে হারায় রাজস্থান?

মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের প্রথম অধিনায়ককে অভিনব উপায়ে সম্মান জানাচ্ছে দলটা। ওয়ার্ন-স্মরণে বিশেষ এক জার্সি পরে খেলতে নামবেন বাটলার-অশ্বিনরা। যে জার্সির কলারে ওয়ার্নের নামের আদ্যক্ষর ও জার্সি নাম্বার লেখা থাকবে। ‘এসডব্লিউ২৩’ লেখা কলার উঁচিয়ে আজ রোহিতদের বিপক্ষে মাঠে নামবেন রাজস্থানের খেলোয়াড়রা। ডাগআউটে দলের কোচ ও স্টাফরা পরবেন ২৩ নম্বর লেখা জার্সি। আজীবন ২৩ নম্বর জার্সি পরে খেলে গেছেন ওয়ার্ন।

শুধু জার্সিই নয়, ডিওয়াই পাতিল স্টেডিয়ামের এক গ্যালারি বিশেষভাবে সাজানো হবে ওয়ার্নকে সম্মাননা জানানোর জন্য। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যেই এই ম্যাচকে সামনে রেখে রাজস্থান রয়্যালস পোস্ট করা শুরু করেছে। এ পর্যন্ত ৮ ম্যাচের ৬টিতেই জিতেছে সঞ্জু স্যামসনের দল।

২০০৮ সালের প্রথম আইপিএলের আগে বাকি সব ফ্র্যাঞ্চাইজি যেখানে নিজেদের অধিনায়ক হিসেবে স্থানীয় খেলোয়াড় নিয়োগ দিয়েছিল, এক রাজস্থানই ভরসা রেখেছিল ভিনদেশি ওয়ার্নের ওপর।

শুধু অধিনায়কই নন, ওয়ার্ন ছিলেন সে দলের কোচও। রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে মুনাফ প্যাটেল, ইউসুফ পাঠান, শেন ওয়াটসন, সোহেল তানভির, মরনে মরকেলের মতো খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাফল্যের শুরু ওয়ার্নের হাত ধরেই। স্বপ্নীল আসনোদকার, নিরাজ প্যাটেল, সিদ্ধার্থ ত্রিবেদী, দীনেশ সালুঙ্খে, কামরান খানের মতো আনকোরা অনেক ক্রিকেটারকে দলীয় কৌশলের গুরুত্বপূর্ণ অংশ বানিয়েছিলেন এই ওয়ার্ন। যার ফলাফল, প্রথম আইপিএল শিরোপা।

আইপিএলে আজ মুখোমুখি ওয়ার্নের রাজস্থান আর ও টেন্ডুলকারের মুম্বাই
ছবি: এএফপি

এর পর থেকে রাজস্থান আজীবন ওয়ার্নকে নিজেদের প্রথম খেলোয়াড় হিসেবে মেনেছে, নাম দিয়েছে ‘আমাদের প্রথম রয়্যাল।’

মাঠের সেই তারকা এখন দূর আকাশের তারা, গত ৪ মার্চ মাত্র ৫২ বছর বয়সে হৃদ্‌রোগে অন্যলোকে পাড়ি জমান কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। তাঁর মৃত্যুর পর আজই প্রথম ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নামছে রাজস্থান।