বিশেষ সাহায্য চায় পাকিস্তান
২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর শীর্ষ কোনো টেস্ট দলই পাকিস্তানের মাটিতে পা রাখেনি। সাত বছর ধরে আয়োজক পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট-খরা আর্থিক সংকটে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। অনূর্ধ্ব-১৯ কিংবা ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজগুলোও তারা টাকাপয়সার অভাবে নিয়মিত আয়োজন করতে পারছে না। আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজক হতে না পারার কারণে সৃষ্ট এই আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে আইসিসির কাছে বিশেষ সাহায্য চাইবে পিসিবি। ২৭ জুন এডিনবরায় শুরু আইসিসির বার্ষিক সভায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে সাহায্য চাওয়ার পরিকল্পনা পাকিস্তানের। ‘এই বিশেষ সাহায্য পাকিস্তানে ক্রিকেটের উন্নয়নে ব্যয় করব আমরা। আইসিসি এবং সহযোগী সদস্যদেশগুলোর কাছে অনুরোধ করব, তারা যেন আইসিসির টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থের একটা ক্ষুদ্র অংশ পাকিস্তানের ক্রিকেটের জন্য বিশেষ সাহায্য হিসেবে আলাদা করে রাখে’—বললেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। দ্য ডন।