বিশ্ব ক্রিকেটের ভাগ্য এমন খেলোয়াড়দের দেখার সুযোগ মিলছে

বাবর, রিজওয়ান আর শফিকরা কাল মুগ্ধতা ছড়িয়েছেন করাচিতেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০৩ মিনিট। ৪২৫ বল। ১৯৬ রান। ৫ সেশন। সংখ্যা নয়, মহাকাব্য। করাচিতে গতকাল টেস্টের পঞ্চম দিনে যে মহাকাব্য লিখেছে বাবর আজমের ব্যাট।

৫০৬ রানের লক্ষ্য তো বলতে গেলে অনতিক্রম্যই ছিল, ম্যাচ বাঁচাতেই পাকিস্তানকে ব্যাট করতে হতো ১৭২ ওভার। বাবরের পাশাপাশি রিজওয়ানের শতক আর শফিকের ৯৬ রানে পঞ্চম দিনে দারুণ নাটকীয় মোড় নেওয়া ম্যাচটা ড্র করতে পেরেছে পাকিস্তান।

এমন দিনের পর বাবরের, তাঁর ব্যাটিংয়ের প্রশংসা না হয়ে পারে! ভিভ রিচার্ডস থেকে শুরু করে ওয়াসিম জাফর কিংবা হার্শা ভোগলে—খেলোয়াড়, ধারাভাষ্যকার থেকে শুরু করে সবাই মেতেছেন বাবরের প্রশংসায়।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তো কাল ম্যাচ শেষেই বাবরকে সনদ দিয়ে দিয়েছেন, ‘কোনো সংশয় নেই, বাবর আজমই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান। সব সংস্করণেই দারুণ।’

চোখধাঁধানো কাভার ড্রাইভ - বাবরের ব্যাটিংয়ের বিজ্ঞাপনই তো!
ছবি: এএফপি

বাবরের ভালো লাগবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফরের টুইটও। বাবর আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই হাততালিতে অভিনন্দন জানাচ্ছিলেন, এমন ছবি টুইটে দিয়ে জাফর লিখেছেন, ‘কিছু ইনিংস জয় এনে দেয়, কিছু আরও পরিণত করে। শেষটা দীর্ঘমেয়াদে কাজে আসে। মনসিকভাবে আরও পরিণত করার মতো ইনিংস আর ম্যাচ দেখলাম বাবর আজম ও তার সতীর্থদের কাছ থেকে। প্যাট কামিন্স ও তার সতীর্থদেরও বাহবা দিতে হয়, অবিশ্বাস্য কিছু প্রায় করেই ফেলেছিল!’

স্যার ভিভ রিচার্ডস অবশ্য শুধু বাবর নয়, তাঁর পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানকেও প্রশংসায় ভাসিয়েছেন।

বাবর আজম দারুণ ইনিংস খেলেছেন, সতীর্থদের বাহবা তাঁর প্রাপ্যই ছিল
ছবি: এএফপি

বাবর ও রিজওয়ানের একে অন্যকে আলিঙ্গনে বাঁধার একটা ভিডিও দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটে শুধু ‘ওরা দুজন’ লিখে পাশে ভালোবাসার ইমোজি দিয়েছে। সেটি রি-টুইট করে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লিখেছেন, ‘প্রতিভার কী দারুণ প্রদর্শনীই না রেখে যাচ্ছেন দুজন! বিশ্ব ক্রিকেটের ভাগ্য যে এমন খেলোয়াড়দের দেখার সুযোগ মিলছে।’

ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে টেস্টেও যে বাবর নিজেকে প্রমাণ করতে শুরু করেছেন, সেটি তুলে ধরেছেন, ‘টেস্ট ক্রিকেটই ছিল একটা দিক, যেখানে বাবর আজমের নিজেকে আরেকটু ওপরে তুলে ধরতে হতো, তা-ই হচ্ছে। যখন সে ক্রিজে নেমেছে, তখনো ৪৮০ রান দরকার ছিল পাকিস্তানের, ১৭০ ওভার বাকি ছিল ইনিংসে। অবিশ্বাস্য জয়ের আশা হয়তো ধীরে ধীরে মিইয়ে গেছে, কিন্তু ওই পরিস্থিতি থেকে ড্রও অসাধারণ ফল। কী দারুণ এক খেলোয়াড়!’