বিশ্ব রেকর্ড করতে পারবে ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা অষ্টম ওয়ানডে সিরিজ জিতল ভারত। ছবি: এএফপি
টানা অষ্টম ওয়ানডে সিরিজ জিতল ভারত। ছবি: এএফপি

ছুটেই চলেছে ভারত। একের পর এক সিরিজে প্রতিপক্ষের মুখের হাসি কেড়ে নিচ্ছে বিরাট কোহলির দল। টানা জয়ের এমন অভ্যাসেই নিজেদের পুরোনো রেকর্ড সব ভেঙে ফেলছে দলটি। নিজেদের রেকর্ড ভেঙে এখন বিশ্ব রেকর্ডে নজর দিচ্ছে তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বিরাট কোহলির দল। ওয়ানডে সিরিজে কোহলি বিশ্রাম (কিংবা বিয়ের ছুটি) নেওয়ায় দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। প্রথম ওয়ানডেতে হেরেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। এটা ছিল দ্বিপক্ষীয় সিরিজে ভারতের টানা অষ্টম জয়। ওয়ানডেতে এশিয়ার কোনো দল টানা এতগুলো সিরিজ জেতেনি। একমাত্র ওয়েস্ট ইন্ডিজেরই আছে এর চেয়ে বেশি টানা দ্বিপক্ষীয় সিরিজ জেতার রেকর্ড। আশির দশকে সর্বজয়ী সেই ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে অবশ্য কোন দলই-বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে!

ওয়ানডেতে আট সিরিজ জয়
জিম্বাবুয়ে* (৩-০), নিউজিল্যান্ড (৩-২), ইংল্যান্ড (২-১), ওয়েস্ট ইন্ডিজ* (৩-১), শ্রীলঙ্কা* (৫-০), অস্ট্রেলিয়া (৪-১), নিউজিল্যান্ড (২-১), শ্রীলঙ্কা (২-১)।
* প্রতিপক্ষের মাঠে

>ওয়ানডেতে রেকর্ড টানা ১৫টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ (১৯৮০-১৯৮৮)। আর ঘরের মাঠে টানা সিরিজ জেতায় সবচেয়ে পারদর্শী প্রোটিয়ারা। ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত টানা ১৭টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা!

টেস্টে ভারতের জয়রথ ওয়ানডের চেয়েও লম্বা। টানা নয়টি সিরিজে জয় পেয়েছে তারা। শুধু ইংল্যান্ড (১৮৮৪-১৮৯২) ও অস্ট্রেলিয়াই (২০০৫-২০০৮) টানা নয়টি সিরিজে জয় পেয়েছিল।

টেস্টে আট সিরিজ জয়
শ্রীলঙ্কা* (২-১), দক্ষিণ আফ্রিকা (৩-০), ওয়েস্ট ইন্ডিজ* (২-০), নিউজিল্যান্ড (৩-০), ইংল্যান্ড (৪-০), বাংলাদেশ (১-০), অস্ট্রেলিয়া (২-১), শ্রীলঙ্কা* (৩-০), শ্রীলঙ্কা (১-০)।
* প্রতিপক্ষের মাঠে

টেস্ট ও ওয়ানডেতে ভারত এ জয়যাত্রা ধরে রাখতে পারে কি না, সেটাই প্রশ্ন। শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজটা শেষ হওয়ার পর ভারতের মিশন দক্ষিণ আফ্রিকা শুরু হবে। দক্ষিণ আফ্রিকার মাঠে দুটি সিরিজ জেতা কত কঠিন, সেটা তো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের দিকে তাকালেই বোঝা যায়!