বিশ্ব রেকর্ড 'ধরে' ফেললেন রাহানে

প্রথম ইনিংসে ব্যাট হাতে পারফরম্যান্স ছিল হতাশাজনক। শূন্য রানেই ফিরেছেন। কিন্তু তবুও এই টেস্টটা আজীবন মনে রাখবেন অজিঙ্কা রাহানে। এই ম্যাচ দিয়েই যে গড়লেন বিশ্ব রেকর্ড। ফিল্ডিংয়ে ‘আউট ফিল্ড’ খেলোয়াড় হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে আটটি ক্যাচ ধরেছেন। এত দীর্ঘ টেস্ট ইতিহাসে এর আগে উইকেটরক্ষক ছাড়া এক ম্যাচে সাতটির বেশি ক্যাচ ধরতে পারেনি কেউ।
প্রথম ইনিংসে তিনটি ক্যাচ ধরেছিলেন। আজ এক দিনেই ধরলেন আরও পাঁচটি। দিনের প্রথম বলেই বরুন অ্যারনের বলে ক্যাচ তুলে দেন ধাম্মিকা প্রসাদ। স্লিপে ঝাঁপিয়ে বলটি তালুবন্দী করে বউনি করেন। ক্যারিয়ারের শেষের আগের টেস্টে শেষ ইনিংস খেলতে নামা কুমার সাঙ্গাকারার ক্যাচটিও নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে। এই ক্যাচটি ছিল প্রথমটির চেয়ে আরও দুর্দান্ত। বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ লুফেছেন শিকারি বাজপাখির মতো।
এরপর লাহিরু থিরিমান্নে আর জিহান মুবারকও তাঁর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। দিনের ৬৯তম ওভারে অমিত মিশ্রের বলে রঙ্গনা হেরাথকেও যখন মুঠোয় পুরলেন, রেকর্ডের পাতা নতুন করে খুলতে হলো। টেস্টে আউট ফিল্ডে ক্যাচের আগের বিশ্ব রেকর্ড ছিল সাতটি। পাঁচজন মিলে রেকর্ডটি দখল করে রেখেছিলেন। সেটাই একার করে নিলেন রাহানে।
ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের অবসরের পর একজন ভালো স্লিপ ফিল্ডার খুঁজে ফিরছে ভারত। রাহানে জানিয়ে দিলেন, ‘আমি এসে গেছি।’
রাহানের রেকর্ড গড়ার দিনে দারুণ এক ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার দিনেশ চান্ডিমাল। ছয়ে নামা লঙ্কান এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১৬৯ বলে অপরাজিত ১৬২ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ভালোই লড়াই চালিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় ইনিংসে এটিই কোনো লঙ্কান ব্যাটসম্যানের সর্বােচ্চ সংগ্রহ। লাহিরু থিরিমান্নের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২৫, জিহান মুবারাকের সঙ্গে সপ্তম উইকেটে ৮২ ও থারিন্ডু কুশালের সঙ্গে ৯ম উইকেটে ৪১ রান যোগ করেন চান্ডিমাল। কুশালের সঙ্গে তোলা ৪১ রানের ৩২ রানই চান্ডিমালের। একে একে সতীর্থরা ফিরলেও শেষ পর্যন্ত এক প্রান্ত আগলেই ছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৬৭ রান।
১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে লোকেশ রাহুলের উইকেট হারিয়ে দিন শেষে ভারতের সংগ্রহ ২৩ রান। এখনো প্রয়োজন ১৫৩ রান।