বিশ্ব রেকর্ডের সামনে গেইল-ধোনি

এই ম্যাচ খেলতে এমনিতেই প্রেরণার কোনো অভাব হওয়ার কথা নয় ধোনি-গেইলদের। জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, শিরোপা চলে আসবে হাতছোঁয়া দূরত্বে...এমন ম্যাচে আর যা-ই হোক, নিজেদের উজ্জীবিত করতে কোনো উপলক্ষ খুঁজতে হবে না ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে।
দলীয় প্রেরণার বাইরেও আজ মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনি ও ক্রিস গেইলকে অনুপ্রেরণা দেবে দুটি ব্যক্তিগত রেকর্ডের হাতছানি। এমন দুটি রেকর্ড, যেখানে হয়তো এঁদের দুজনের নামই সবচেয়ে ভালো মানায়।
গেইলের রেকর্ডটি অনুমান করতে পারারই কথা—ছক্কার। টি-টোয়েন্টির কথা হবে, ছক্কার কথা হবে, আর সেখানে গেইলের নাম থাকবে না! এটি তো ঢাকার রাস্তার জ্যাম না থাকার মতো ব্যাপার। টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ডে অন্য সব ব্যাটসম্যানকে অনেক আগেই পেছনে ফেলে দিয়েছেন ক্যারিবীয় ওপেনার। এখন অপেক্ষা আর দুটি ছক্কার, অপেক্ষা ছক্কার সেঞ্চুরির। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ৪৮ ম্যাচে এরই মধ্যে ৯৮টি ছক্কা গেইলের। আর দুটি হলেই ‘ওভার বাউন্ডারি’তে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছোঁয়া হয়ে যায়।
টি-টোয়েন্টিতে ছক্কার এই রেকর্ড এমনিতেই মোটামুটি গেইলের ‘স্থাবর সম্পত্তি’। তালিকায় পরের যে দুজন, সেই ব্রেন্ডন ম্যাককালাম (৯১ ছক্কা) ও শেন ওয়াটসন (৮৩ ছক্কা) এরই মধ্যে অবসরে। এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে শুধু একজনই আছেন যিনি ‘হুমকি’ হয়ে উঠতে পারেন গেইলের—তালিকায় চতুর্থ স্থানে থাকা মার্টিন গাপটিল (৭৬টি ছক্কা)।
ধোনির রেকর্ডটি অবশ্য গেইলের মতো পাকাপাকি হয়ে যায়নি। টি-টোয়েন্টিতে উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি ‘ডিসমিসালে’র রেকর্ডে পাকিস্তানের কামরান আকমলের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ভারত অধিনায়ক (৬০টি)। আর একটি ক্যাচ বা স্টাম্পিং হলেই সবাইকে ছাপিয়ে যাবেন ৩৫ বছর বয়সী ভারত অধিনায়ক। আকমল আবার কবে পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এ নিয়ে সন্দেহ আছে, তাই শীর্ষস্থানটা আপাতত ধোনির দখলেই থাকবে কিছুদিন। তবে তালিকায় তাঁকে ‘ধাওয়া’ করছেন বেশ কজন উইকেটকিপার। তিনে থাকা দীনেশ রামদিন তো আজও খেলবেন। তবে তাঁর ডিসমিসাল ৫০টি। বাংলাদেশের মুশফিকুর রহিম ৪৫টি ডিসমিসাল নিয়ে আছেন চারে।
এগুলো সবই হাতছানি। রেকর্ড হতেও পারে, না-ও হতে পারে। তবে এবারের টুর্নামেন্টে একটি রেকর্ড যে হচ্ছে তা একদম নিশ্চিত। এই প্রথম কোনো দল দ্বিতীয়বারের মতো জিতবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১০ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ফাইনালে চলে গেছে। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার অপেক্ষায় ২০০৭ সালের চ্যাম্পিয়ন ভারত আর ২০১২-এর চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
পরিচিত স্পর্শটা আরও একবার অনুভবের কাছাকাছি যাওয়ার হাতছানি এই তিন দলের সামনেই। তবে এর মধ্যে আজই শেষ হয়ে যাবে একজনের স্বপ্ন। সূত্র: ক্রিকইনফো।