বিশ্বকাপ আক্ষেপ হয়েই থাকল দ্রাবিড়ের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ আক্ষেপই হয়ে রইল রাহুল দ্রাবিড়ের জন্য। ছবি: এএফপি।
বিশ্বকাপ আক্ষেপই হয়ে রইল রাহুল দ্রাবিড়ের জন্য। ছবি: এএফপি।

বিশ্বকাপটা জেতাই হলো না রাহুল দ্রাবিড়ের। খেলোয়াড় হিসেবে ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফাইনালে উঠেও হাতে নিতে পারেনি আরাধ্য সেই ট্রফি। এবার কোচের ভূমিকাতেও আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠে খালি হাতে ফেরা। বিশ্বকাপ, দ্রাবিড়ের কাছে যেন এক চীর আক্ষেপের প্রতিশব্দ!

সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রজন্মের প্রতিনিধিও ছিলেন। ১৯৯৬ সালে ভারতীয় দলে অভিষেকের হওয়ার পর খেলেছেন তিনটি বিশ্বকাপ। একটি আবার অধিনায়ক হিসেবে। ২০১১ সালে ভারত শেষ অবধি ঠিকই বিশ্বকাপ জিতল, কিন্তু দ্রাবিড় তখন আর ভারতীয় দলেই নেই। এবার কোচ হিসেবে নতুন প্রজন্ম গড়ে তোলার গুরুদায়িত্বটা কাঁধে নিয়েও বিশ্বকাপের স্বাদটা পেলেন না। এত কাছে, তবু এত দূর!
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে বাংলাদেশে এসেছিলেন দারুণ একটি দল নিয়েই। যোগ্যতর দল হিসেবেই ভারত উঠে গিয়েছিল ফাইনালে। অবিসংবাদিত ফেবারিট হয়েও ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারটা মেনে নেওয়া কোচ দ্রাবিড়ের জন্য যথেষ্ট কষ্টের। কিন্তু সব কষ্ট বুকে চেপে তিনি সান্ত্বনা দিচ্ছেন নিজেকে। যুব বিশ্বকাপই তো সবকিছুর শেষ নয়। বরং তাঁর শিষ্যদের আগামী দিনের পথচলার শুরু এই যুব বিশ্বকাপে। এখনই এত ভেঙে পড়লে চলবে কেন!
দেশে ফিরে নিজের হতাশার চেয়ে শিষ্যদের হতাশাটাই তাঁর আলোচনার মূল বিষয় ছিল, ‘আমি ফাইনালের পর এখনো আমার দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলিনি। ফাইনালে হেরে যাওয়াটা সত্যিই প্রচণ্ড হতাশার। অনেক খেলোয়াড়ের পক্ষে মেনে নেওয়াটা কঠিন। কিন্তু হতাশ হলে হবে না। এটা সবে শুরু। খেলোয়াড়দের এগিয়ে যেতে হবে অনেকটা পথ।’
আগামীর তারকাদের সঙ্গে দারুণ কিছুদিন কাটালেন ‘দ্য ওয়াল’। এ সময় দ্রাবিড়ের কোচিং অনেকেরই মুগ্ধতা কুড়িয়েছে। নিজের অভিজ্ঞতার মূল্যায়ন দ্রাবিড় করলেন এভাবে, ‘আমার লক্ষ্য ছিল দলের মধ্যে উপভোগ্য পরিবেশ তৈরির মাধ্যমে শেখানো। ছেলেদের চিন্তাশীল খেলোয়াড়ে পরিণত করা। বাংলাদেশে কাপ জিততেই গিয়েছিলাম। কিন্তু পারিনি। তবে আশা করি আমার কাছ ওরা যা পেয়েছে, সেটা তাদের ভবিষ্যৎ গড়তে কাজে দেবে।’ সূত্র: পিটিআই।