বিশ্বকাপ আর ব্যাটিং তাণ্ডবের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৫। এই বছর কেমন গেছে খেলাধুলার জগৎটা? পেছন ফিরে তাকালে উঠে আসবে প্রাপ্তি-অপ্রাপ্তি-আনন্দ-বেদনার বর্ণিল এক উপাখ্যান। ধারাবাহিক এই বর্ষপরিক্রমায় আজ আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপের ট্রফি নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উল্লাস। নিউজিল্যান্ড হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া l ফাইল ছবি
বিশ্বকাপের ট্রফি নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উল্লাস। নিউজিল্যান্ড হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া l ফাইল ছবি

আর মাত্র একটি দিন। এরপরই মহাকালের গর্ভে চিরতরে হারিয়ে যাবে আরেকটি বছর। পুরোনো বর্ষপঞ্জি সরিয়ে জায়গা করে নেবে ঝা তকতকে নতুন ক্যালেন্ডার। তবে পুরোনো ক্যালেন্ডারের দাগকাটা দিনগুলো কি মনে পড়বে না?
আগের বছর ২০১৪ সালের প্রথম সকালে ঘুম ভেঙেই শুনতে হয়েছিল কোরি অ্যান্ডারসনের তাণ্ডবের গল্প। শহীদ আফ্রিদির ১৭ বছরের পুরোনো দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন কিউই ব্যাটসম্যান।
এ বছর নববর্ষের দিনে কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। তাই সম্ভাবনা ছিল না গত বছরের পুনরাবৃত্তির। তবে এবি ডি ভিলিয়ার্সও বেশি সময় নেননি। ঠিক এক বছর ১৭ দিন পরেই এবির ব্যাটিং-ঝড়ে নতুন করে লেখা হলো ইতিহাস। ১৮ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলেই সেঞ্চুরি, ব্যাটিং ব্যাকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উদ্ভাবনী সব শটের পসরা সাজিয়ে বিশ্ব রেকর্ডটা নিজের করে নিলেন ডি ভিলিয়ার্স।
এরপর সারাটা বছর ডি ভিলিয়ার্সের দেখানো পথেই হেঁটেছেন ব্যাটসম্যানরা। বিশ্বকাপের বছরের একেবারে শেষে এসে ৩০ বলে ৯৩ রান, মার্টিন গাপটিল দেখিয়ে দিলেন ৩১ বলের সেঞ্চুরির রেকর্ডটা আসলে ঝুঁকিতেই পড়ে গেছে।
গাপটিল আলো কেড়েছেন বিশ্বকাপেও। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ইনিংসটা (২৩৭*) এসেছে এই কিউই ব্যাটসম্যানের ব্যাটেই। গাপটিলের মতোই বিশ্বকাপে দুর্দান্ত ছিল তাঁর দল নিউজিল্যান্ড। যদিও শেষ পর্যন্ত কাপটা জিততে পারেনি তারা, ফাইনালে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।
পঞ্চম বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াই সাফল্যের বিচারে ২০১৫ সালের সেরা ওয়ানডে দল। বছরজুড়ে ১৯ ম্যাচ খেলে মাত্র তিনটিতে হেরেছে মাইকেল ক্লার্কের দল থেকে স্টিভেন স্মিথের দলে রূপান্তরিত অস্ট্রেলিয়া। বড় দৈর্ঘ্যের ক্রিকেটটাই যা একটু বাজে গেছে অস্ট্রেলিয়ার। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে অ্যাশেজে খোয়ানোর দায় নিয়ে অধিনায়ক ক্লার্ক বিদায় নিয়েছেন ক্রিকেট থেকেই। বছরের শেষ প্রান্তে এসে অস্ট্রেলিয়া হারিয়েছে ফাস্ট বোলার মিচেল জনসনকেও।
বিদায়ের মিছিলটা অবশ্য এ বছর বেশ লম্বা। এ তালিকায় সবচেয়ে বড় নাম কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়া শ্রীলঙ্কান কিংবদন্তি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আগস্টে। বছর শেষে অবসরের আগাম ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও।
পরিবর্তন এসেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির শীর্ষ পদেও। বছরের শুরুতে চেয়ারম্যান ও প্রেসিডেন্ট যাঁরা ছিলেন তাঁরা কেউই নেই এখন। বিশ্বকাপে বিতর্কে জড়িয়ে পদত্যাগ করেন প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল। যাঁর সঙ্গে বিরোধে জড়িয়ে সরে যান কামাল সেই ‘মহাশক্তিধর’ শ্রীনিবাসনও টিকতে পারেননি পদে। ভারতীয় ক্রিকেট বোর্ডেও (বিসিসিআই) ক্ষমতার পালাবদলেই পতন হয়েছে শ্রীনির। পদাধিকার বলে আইসিসির চেয়ারম্যান এখন শশাঙ্ক মনোহর।
বছরটা ক্রিকেটে বাংলাদেশের শক্তি প্রদর্শনেরও। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে হইচই ফেলা মাশরাফি বিন মুর্তজার দল সারাটা বছরই ৫০ ওভারের ক্রিকেটে ছড়ি ঘুরিয়েছে প্রতিপক্ষের ওপর। দেশের মাটিতে টানা তিনটি ওয়ানডে সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো বাংলাদেশ ৩০ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থেকে নিশ্চিত করেছে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। নিশ্চিত হয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়াটাও। একটা দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ টিকে থাকে কি না প্রশ্ন উঠে গেছে তা নিয়েই। এ বছর ১০টি টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, হেরেছে ৮টিতে।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ ইংল্যান্ড অবশ্য বছর শেষে পুরোপুরিই অন্য চেহারায় ওয়ানডেতে। কোচ পিটার মুরসকে বরখাস্ত করা ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজ থেকেই হয়ে উঠছে ওয়ানডের সমীহ জাগানো এক দল।
অন্য দলগুলোরও বছরটা ছিল মিশ্র অনুভূতির। দক্ষিণ আফ্রিকাকে দেশের মাটিতে স্পিন জাল বিছিয়ে ভারতের উইকেট শিকার। সেই চিরকালের অননুমেয় পাকিস্তান, শ্রীলঙ্কার হীনবল হয়ে পড়া। জিম্বাবুয়ের পতন থামেনি এ বছরও। আফগানিস্তান-আয়ারল্যান্ড রূপকথা লিখেছে এ বছরও।

ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির পর এবি ডি ভিলিয়ার্স l ফাইল ছবি
ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির পর এবি ডি ভিলিয়ার্স l ফাইল ছবি

৩১ বলে সেঞ্চুরি
১৮ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স উইকেটে আসেন ৩৯তম ওভারে। ১১.১ ওভার পরে সেই ডি ভিলিয়ার্স ফেরেন ১৪৯ রান করে। মাঝের ৫৯ মিনিটে ব্যাটটাকে গদা বানিয়ে সব রেকর্ড দুমড়েমুচড়ে তবেই ফিরেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ওয়ানডে ইতিহাসের দ্রুততম ফিফটি (১৬ বলে), দ্রুততম সেঞ্চুরির (৩১ বল) বিশ্ব রেকর্ড গড়ার পথে মাত্র ৪৪ বলেই ১৪৯ রান করেছেন ডি ভিলিয়ার্স। ১৬টি ছয় মেরে ছক্কার রেকর্ডও ছুঁয়েছেন এবি। তাঁর উইকেটে আসার আগেই সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন হাশিম আমলা ও রাইলি রুশো। ওয়ানডে ক্রিকেট এক ইনিংসে তিন সেঞ্চুরি দেখে এই প্রথম। তিন সেঞ্চুরিতেই ৪৩৯ রানের পাহাড়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। পরে অক্টোবরে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের কীর্তিটার পুনরাবৃত্তি করে প্রোটিয়ারা।

দিবারাত্রির টেস্ট
দিবারাত্রির টেস্ট

দিবারাত্রির কাব্য
২৭ নভেম্বর ২০১৫, তারিখটি ক্রিকেট ইতিহাসেই চিরস্মরণীয়ই এক দিন। ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটা যে শুরু হয়েছে এদিনই। অ্যাডিলেড ওভালে ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে প্রথম টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ম্যাচে লাঞ্চ সেশন ছিল না। প্রথম দুই ঘণ্টা শেষে চা-বিরতি। এরপর নতুন সংযোজন ডিনার বিরতি। দিবারাত্রির ম্যাচের আয়োজনের উদ্দেশ্যটা পুরোপুরিই সফল। ম্যাচটা তিন দিনে শেষ হয়ে গেলেও দর্শকঠাসা গ্যালারিই দেখেছে অ্যাডিলেড ওভাল। ইতিহাসের প্রথম দিবারাত্রির ওয়ানডে ম্যাচের মতো প্রথম দিবারাত্রির টেস্টটাও জিতেছে অস্ট্রেলিয়া।
সবচেয়ে বেশি রান
টেস্ট
১৪৭৪
স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়া
ওয়ানডে
১৪৫৯
মার্টিন গাপটিল, নিউজিল্যান্ড
সবচেয়ে বেশি উইকেট
টেস্ট
৬২
রবিচন্দ্রন অশ্বিন, ভারত
ওয়ানডে
৪১
মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া
৫.৫০
ওয়ানডেতে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান উঠেছে এ বছরই। পেছনে পড়েছে ২০১৪ সাল (৫.২৯)।