বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল মনেই নেই ধোনির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটীয় লড়াইয়ে উত্তেজনার বারুদ আনার পক্ষে নন ধোনি। আজ সংবাদ সম্মেলনে। ছবি: শামসুল হক টেংকু
ক্রিকেটীয় লড়াইয়ে উত্তেজনার বারুদ আনার পক্ষে নন ধোনি। আজ সংবাদ সম্মেলনে। ছবি: শামসুল হক টেংকু

বিসিবি একাডেমি মাঠে অনেকক্ষণ ঘাম ঝরালেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি সময় কাটালেন নেটে। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে ভালোই ঝালিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। সংবাদ সম্মেলনে ঢোকার আগেও দুটো চক্কর দিলেন মাঠে। আসার পথে কেউ একজন পরিবারের কথা জানতে চাইলেন। হাসিমুখে জানালেন, বাসার সবাই ভালো আছে। সংবাদ সম্মেলনেও হাসি ভাবটা ধরে রেখে উত্তর দিচ্ছিলেন।
কিন্তু যখন মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে সেই কোয়ার্টার ফাইনালের কথা মনে করিয়ে দেওয়া হলো; বলা হলো সে ম্যাচে তৈরি হওয়া বিতর্ক নিয়ে, ধোনি আর হাসিমুখে উত্তর দিতে পারলেন না। বরং প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করলেন, ‘কোন বিতর্ক, কোন ম্যাচ নিয়ে আপনি বলছেন?’ মাত্র তিন মাসে বেমালুম ভুলে গেলেন!
আবারও তাকে মনে করিয়ে দেওয়া হলো। এবার বললেন, ‘সেটা ৪-৫ মাস আগের কথা। আমি কেবল গত দুদিনের কথাই মনে করতে পারি। ওটা ছিল কেবল একটা ক্রিকেট ম্যাচ।’
বিশ্বকাপ থেকেই বাংলাদেশ-ভারত লড়াই নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। তবে দুই দলের এ লড়াইকে খুব বড় করে দেখতে চান না ধোনি, ‘দুই দলের খেলোয়াড়ই দেশকে জেতাতে সেরা খেলাটাই খেলতে চায়। তবে মাঠে এখনো এমন অপ্রীতিকর ঘটনা দেখিনি, যেটা ভাববার মতো। লড়াইটা ভালো ছিল এবং ঠিক পথেই এগোচ্ছে।’
২০০৪ সালে ডিসেম্বরে এই বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে অভিষেক ধোনির। অভিষেকের পরের ম্যাচেই পেয়েছিলেন পরাজয়ের স্বাদ। একই স্বাদ পেয়েছিলেন ২০০৭ বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপে। বাংলাদেশের বিপক্ষে হারের স্বাদ পাওয়া তিনটিই ম্যাচেই ছিলেন ধোনি। কেবল সে কারণেই নয়, সাম্প্রতিক সময়ের ফর্মটাও বাংলাদেশকে সমীহ করতে বাধ্য করেছে ধোনিকে, ‘ওয়ানডে দল হিসেবে তারা দুর্দান্ত। অবশ্য তারা অনেক দিন ধরেই ওয়ানডে ক্রিকেট খেলছে। সব সময়ই মনে করি, ওয়ানডেতে তারা দারুণ দল। টেস্টেও তারা উন্নতির ছাপ রাখছে। তবে টেস্ট পাঁচ দিন ধরে খেলতে হয়। দুটো করে ইনিংস থাকে। এ কারণে সেখানে আপনাকে বেশি ধারাবাহিক থাকতে হয়। সময়ের প্রেক্ষাপটে তাদের উন্নতিই চোখে পড়বে।’

ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের দর্শকদের যথেষ্ট সুনাম রয়েছে। শচীন টেন্ডুলকার তাঁর প্লেয়িং ইট মাই ওয়ে বইয়ে সুনাম করেছেন বাংলাদেশের দর্শকদের। এ দফা প্রশংসায় ভাসালেন ধোনিও, ‘এখানকার মানুষ ক্রিকেটকে ভীষণ ভালোবাসে। তাদের দলকে সমর্থন করতে মাঠে আসে। ক্রিকেট উপভোগ করে। খেলাটাকে ভালোবেসে দলকে সমর্থন জানাতে স্টেডিয়ামে আসার মতো প্রচুর সমর্থক যদি থাকে, একটা আন্তর্জাতিক দলের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা আপনাকে অনুপ্রাণিত করবে সেরাটা দিতে।’
দর্শকদের স্তূতি বানে ভাসালেও যানজটের সমালোচনা করলেন, ‘যানজট আগের চেয়েও বেড়েছে। তবে মানুষগুলো অসাধারণ। যানজট না থাকলে দারুণ এক শহর ঢাকা।’
বাংলাদেশের দর্শকদের পছন্দ করলেও মাঠে নিশ্চয় বিন্দুমাত্র ছাড় দিতে চাইবেন না প্রতিপক্ষকে। ধোনি তাই প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়ে রাখলেন, ‘আমাদের প্রথম ও মূল লক্ষ্যই সিরিজ জেতা। তবে এ মুহূর্তে আমরা একটা করে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। তাতে কাজ সহজ হয়।’