বিশ্বকাপ খেলবেন উনচল্লিশের ধোনি?

৩০ জুন, ২০১৭—৭৯ বলে অপরাজিত ৭৮ রানে দলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভারতকে জয় এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চারদিকে আবার প্রশংসার বৃষ্টি। এখনো ফুরিয়ে যাননি ধোনি—পরের দিন খবরের শিরোনামে ধোনি।
২ জুলাই, ২০১৭—হাফ সেঞ্চুরি সিরিজের চতুর্থ ম্যাচেও। কিন্তু ১১৪ বলে একটি চারে তাঁর ৫৪ রানের ইনিংসটি ছিল কুৎসিত। শম্বুকগতির ওই ইনিংসই ভারতকে ১৯০ রানের লক্ষ্য ছুঁতে দেয়নি বলে আবার সমালোচনার ঝড়। গত আগস্টে শ্রীলঙ্কা সফরে ধোনির দলে থাকাটাই ছিল তাই প্রশ্নবিদ্ধ।
ধোনি সবকিছুর জবাব দিয়েছেন ব্যাট আর গ্লাভস হাতে। প্রথম উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে এক শ স্টাম্পিংয়ের কীর্তি গড়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে চার ইনিংসে ৮২.২৩ স্ট্রাইক রেটে করেছেন ১৬২ রান। আউট হননি একটিতেও। যেটি ধোনির একদা ‘ফিনিশার’ পরিচয়টিকে আবার সামনে এনেছে। ভুবনেশ্বর কুমারকে নিয়ে জুটি বেঁধে জিতিয়েছেন প্রায় হারতে বসা দ্বিতীয় ওয়ানডে। এরপর আবার ধোনিকে নিয়ে প্রশংসার ঝাঁপি খুলে দেন সবাই। এই তো সেই পুরোনো ধোনির জাদুর ছোঁয়া!
ধোনিকে নিয়ে এখন ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনাই সাজাচ্ছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী তাঁকে ছাড়া বিশ্বকাপ দলই ভাবতে পারছেন না, ‘একজন খেলোয়াড়কে দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয় তার সাম্প্রতিক ফর্ম আর ফিটনেস। ধোনির দুটিই আছে। ওর ফিটনেস অসাধারণ। শ্রীলঙ্কাতে ভালো ব্যাটিংও করেছে। শ্রীলঙ্কায় আমরা আসলে ট্রেলার দেখেছি। এখন পুরো সিনেমার জন্য অপেক্ষা। এভাবে খেলে গেলে তার ২০১৯ বিশ্বকাপ দলে থাকা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। তাকে ছাড়া দলই ভাবা যায় না।’
প্রশংসা করতে গিয়ে ধোনিকে কিংবদন্তি বলেছেন শাস্ত্রী, ‘ধোনির মতো একজন কিংবদন্তিকে আপনি কোথায় রাখবেন? ধোনি আসলে সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার আর কপিল দেবের কাতারে আছে। তার অর্জনকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের।’
ভারতের হয়ে ১৩ বছর খেলে ফেলা ধোনি সাঁইত্রিশে পা রেখেছেন গত জুলাইয়ে। আগামী বিশ্বকাপে তাঁর বয়স হবে ৩৯-এর কাছাকাছি। এই বয়সে আরেকটি বিশ্বকাপ খেলার আশা কি করেছিলেন ভারতকে তিনটি বৈশ্বিক শিরোপা জেতানো অধিনায়ক? উইজডেন ইন্ডিয়া।