বিশ্বকাপ ছাড়লে ১৫ মিলিয়ন ডলার কামাতে পারতাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। ছবি: টুইটার
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। ছবি: টুইটার
>শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছিলেন অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভার বিপক্ষে। লঙ্কান ক্রিকেটের এই দুই জীবন্ত কিংবদন্তি সংবাদ সম্মেলনে অভিযোগটি অস্বীকার করেছেন

অর্জুনা রানাতুঙ্গা আর অরবিন্দ ডি সিলভা শ্রীলঙ্কান ক্রিকেটের দুই দিকপাল। কিন্তু তাঁদের দিকে ম্যাচ পাতানোর আঙুল ওঠায় অনেকেই ভ্রু কুচকাচ্ছেন। তা হওয়াটাই স্বাভাবিক! শ্রীলঙ্কার ছোট দল থেকে বড় দলে রূপান্তরিত হওয়ার পেছনে এ দুজনের অবদানের যে শেষ নেই। কিন্তু তাঁদের বিপক্ষেই ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। এবার সেই অভিযোগ অস্বীকার করলেন রানাতুঙ্গা ও ডি সিলভা।

সুমাথিপালা এর আগে অভিযোগ করেন, ১৯৯৪ সালে লক্ষ্ণৌ টেস্ট ছেড়ে দেওয়ার জন্য রানাতুঙ্গা আর ডি সিলভা এক ভারতীয় জুয়াড়ির কাছ থেকে নগদ ১৫ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন। সে সময় তাঁদের বিরুদ্ধে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কোনো প্রকার তদন্ত চালানো থেকে নিজেদের বিরত রেখেছিল। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী রানাতুঙ্গা ও ডি সিলভা। কলম্বোয় এক সংবাদ সম্মেলনে ডি সিলভাকে সঙ্গে নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘আমরা কখনো কোনো ঘুষ নিইনি এবং ম্যাচও পাতাইনি।’

সুমাথিপালা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতির দায়িত্বে থাকতে তাঁর অধীনে কমিটিতে কাজ করেছেন ডি সিলভা। শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানটির যুক্তি, ‘আমি যদি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতই থাকি, তাহলে উনি (সুমাথিপালা) আমাকে তাঁর কমিটিতে রেখেছিলেন কেন?’ লঙ্কান সাবেক অধিনায়ক রানাতুঙ্গা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘১৫ হাজার ডলার নয়, বিশ্বকাপ ছেড়ে দিলে আমরা ১৫ মিলিয়ন ডলারও কামাতে পারতাম।

১৯৯৪ সালে ভারতের বিপক্ষে সেই টেস্ট ইনিংস ও ১১৯ রানের ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। দলের প্রথম ইনিংসে রানাতুঙ্গা ও ডি সিলভার স্কোর ছিল যথাক্রমে ৯ ও ১৩। দ্বিতীয় ইনিংসে ০ ও ১১।

তবে লঙ্কান ক্রিকেটের এই দুই জীবন্ত কিংবদন্তির বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ এই প্রথম নয়। এর আগেও ২০০১ সালে উঠেছিল। তবে তদন্তের পর দুজনকেই দেওয়া হয়েছিল অব্যাহতি।