বিশ্বকাপ জিততে চান মিরাজ
ঘরের মাঠে জেতার অভ্যাসটা অনেক আগেই হয়েছে। কিন্তু বিদেশের মাটিতে জয় দূর আকাশের তারার মতো ছিল। এ বছর সেই ছবিটাও ধীরে ধীরে পাল্টে দিচ্ছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর কাল দক্ষিণ আফ্রিকার মাটিতেও প্রথম জয়ের স্বাদ পেলেন তামিম-সাকিবরা।
বিদেশের মাটিতে বাংলাদেশ দলের এই সাফল্য স্বপ্নের ডালপালা ছড়িয়ে দিতে সাহায্য করছে। এবার বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপে তিনবারের রানার্সআপ, ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ এখন আরও এক ধাপ এগিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। আজ বাংলাদেশ দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সেই স্বপ্নের কথাই জানালেন।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলছিলেন, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। দেশে যেমন সিরিজ জিতি, তেমনি বাইরেও জিততে চাই। এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তাভাবনা, আমরা কীভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি।’
দেশের বাইরে মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্সও হয়তো তাঁকে আত্মবিশ্বাসী করে তুলছে। গতকালের ম্যাচের কথাই ধরুন। সেঞ্চুরিয়নে কাল প্রথম স্পেলে ৪ ওভার বল করে ৩৮ রান দেন এই অফ স্পিনার। কিন্তু প্রথম স্পেলের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় স্পেল থেকে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।
নিজের বোলিংয়ের ব্যাখ্যায় মিরাজ নিজেই বলছিলেন, ‘প্রথম ৪ ওভারে আমি লেংথ নিয়ে একটু দ্বিধায় ছিলাম। ওরা খুব ভালো খেলছিল এবং আমাকে চার্জ করছিল। আমি বেশি রান দিয়ে দিচ্ছিলাম। মাঝে যখন আমাকে একটা বিরতি দেওয়া হলো, তখন আমি নিজেকে প্রস্তুত করি। কারণ, এই ম্যাচে যদি আমি ভালো করতে না পারি তাহলে আমাদের হেরে যাওয়ার শঙ্কা থাকবে। আমার তখন ৬ ওভার বাকি ছিল। সে সময় নিজেকে মানসিকভাবে উজ্জীবিত করেছি, নিজেকে বলেছি যে আমি পারব।’
কিন্তু প্রথম স্পেলের বেধড়ক পিটুনির পর অধিনায়ক তামিম ইকবালও মিরাজের বোলিংয়ে আস্থা রাখতে পারছিলেন না। মিরাজের ওভার পুষিয়ে দিতে মাহমুদউল্লাহকে বোলিংয়ে এনেছিলেন তামিম। তখন নাকি অনেকটা জোর করেই অধিনায়কের কাছ থেকে বল চেয়ে নেন মিরাজ, ‘কাল যখন আমি রান দিচ্ছিলাম তখন তামিম ভাইকে আমি বলছিলাম, “ভাই আপনি আমার ওপর বিশ্বাস রাখেন, আমি উইকেট নিয়ে ম্যাচ বের করে দিতে পারব।” পেছন থেকে লিটনদাও আমাকে অনেক সমর্থন দিয়েছে। উনি আমাকে বারবার বলছিল, “তুই পারবি, তুই এখান থেকে একটা উইকেট বের করতে পারলে আমরা ম্যাচ জিতে যাব।”’
দ্বিতীয় স্পেলে মিরাজের বোলিংয়ের পার্থক্যটাও ছিল চোখে পড়ার মতো। প্রথম স্পেলে জোরের ওপর বল করে মার খেয়েছেন। দ্বিতীয় স্পেলে গতি কমিয়ে বোলিং করে উইকেট থেকে বাঁক আদায় করে নিয়েছেন মিরাজ। ক্রিজের ব্যবহারও ছিল দারুণ। কখনো স্টাম্পের খুব কাছে থেকে কখনো দূর থেকে বল করে ব্যাটসম্যানকে করেছেন বিভ্রান্ত।
এ ক্ষেত্রে দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের পরামর্শ নাকি কাজে দিয়েছে। মিরাজ বলছিলেন, ‘দ্বিতীয় স্পেলে উইকেট অনুযায়ী বোলিং করেছি। আর ওই পাশের উইকেট থেকে আমি একটু সহায়তাও পাচ্ছিলাম। একটু টার্ন করছিল। সাকিব ভাই আমাকে একটা বলেছিলেন, এখানে আস্তে–ধীরে মিলিয়ে বোলিং করলে ভালো হবে। আমি যখনই দ্বিধায় থাকি, সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলি। কারণ, ওনার বোলিংয়ের অভিজ্ঞতা প্রচুর এবং উনি উইকেট বুঝে বোলিং করতে পারেন।’