বিশ্বকাপ জিতবে ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলেন টেন্ডুলকার। ফাইল ছবি
২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলেন টেন্ডুলকার। ফাইল ছবি
>২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের ফেবারিট কে? নিজের দল বলে নয়; টেন্ডুলকার ক্রিকেটীয় অবস্থান থেকে বললেন ভারতের কথাই

এই ভারতকে থামাবে কে! বিরাট কোহলির নেতৃত্বে বিধ্বংসী এক দল হয়ে উঠছে ভারত। শুধু জাতীয় দল নয়, একাদশের বাইরে থাকাদের নিয়েই ভারত গড়ে ফেলতে পারে আরও একটি প্রতিদ্বন্দ্বিতামূলক একাদশ। এই ভারত অনায়াসে জয় করল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। সব দেখে-শুনে-বুঝে শচীন টেন্ডুলকারের মনে হচ্ছে এবারের বিশ্বকাপে ফেবারিট থাকবে ভারত।

দুই দিন আগে রাহুল দ্রাবিড় এ কথা বলেছিলেন। এবার তারই প্রতিধ্বনি শোনা গেল টেন্ডুলকারের কণ্ঠে। ২০১১ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বলেছেন, ‘আমাদের সম্ভাবনার কথা যদি বলেন, নির্দ্বিধায় আমাদের কথাই বলব। এর আগেও বলেছি, আমাদের দলটা এখন একদম ভারসাম্যপূর্ণ। এই দল নিয়ে আমরা বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো উইকেটে লড়াকু দল হিসেবে দেখা দেব।’

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ জয়ের পথে ভারতের মূল বাধা হয়ে দেখা দিতে পারে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সদ্যই ভারতের কাছে নিজ মাটিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পরও নিউজিল্যান্ডকে কেন সম্ভাবনার মধ্যে রাখছেন, সে কথাও বললেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক, ‘আমি জানি এই সিরিজে নিউজিল্যান্ড ভুগেছে। কিন্তু ওরা দল হিসেবে দারুণ। ওদের বিপক্ষে খেলতে সব দলকেই সতর্ক থাকতে হবে। সবকিছু নির্ভর করবে, শুরুতেই ছন্দটা কে ধরে ফেলতে পারছে। আমার চোখে ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, আর চমক হয়ে দেখা দিতে পারে নিউজিল্যান্ড।’

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে এবারের বিশ্বকাপ। ১৯৮৩ সালে ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ডেই। তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এসেছিল ২০১১ সালে।