বিশ্বকাপ ডামাডোলে ল্যাপটপ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ নির্বিঘ্ন করতে শতদিক সামলে যাচ্ছে আইসিসি। ব্যস্ততার এই সময়ে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে বড় ধরনের একটা ধাক্কাই খেয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে হারিয়ে গেছে পাঁচটি ল্যাপটপ। অ্যাক্রেডিটেশন সেন্টার থেকে ল্যাপটপ খোয়া যাওয়ার বিষয়টি ইতিমধ্যেই তোলপাড় তুলেছে আয়োজকদের মধ্যে।
ক্যান্টারবুরি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্যারি নোলেস জানান, শনিবার রাতে হেগলি নেটবল সেন্টার থেকে খোয়া যায় ল্যাপটপগুলো। ব্যাপারটি নিরাপত্তাজনিত কোনো সমস্যা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছেন যে হারানো ল্যাপটপগুলোতে এমন কোনো তথ্য ছিল না যার মাধ্যমে বিশ্বকাপের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ’
বিশ্বকাপের শুরু হতে আর বাকি মাত্র দুদিন। ক্রাইস্টচার্চের নর্থ হেগলি পার্কে অনুষ্ঠিত হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান এবং টুর্নামেন্টটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন নোলেস। হারানো ল্যাপটপগুলো উদ্ধারে আইসিসি ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি। তথ্যসূত্র: আইবিএন লাইভ