বিশ্বকাপ দলে আস্থা পাঠকদের

বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলল। আগামীকাল থেকে শুরু হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক অনুশীলন। বাংলাদেশের বিশ্বকাপের দল গঠন নিয়ে অনেক আলোচনাই হলো। কথা হলো, এ ব্যাপারে পাঠকের অভিমত কী?
প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘খেলার ভোট’-এ সম্প্রতি জানতে চাওয়া হয়েছিল, ‘বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আপনি কি সন্তুষ্ট?’ ৮০.২৪ শতাংশ পাঠক জানিয়েছেন, ‘সন্তুষ্ট’। ১৭.৬৭ শতাংশ পাঠক অবশ্য সন্তুষ্ট হতে পারেননি দল নিয়ে। মন্তব্য নেই ২.০৯ শতাংশ পাঠকের। এ জরিপে অংশ নিয়েছেন মোট ১৫২৮ জন | ‘হ্যাঁ’ বলেছেন ১২২৬ জন, ‘না’ ২৭০ আর মন্তব্য নেই ৩২ পাঠকের।

সবাই যে একমত হবেন না, সেটি মানছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদও। তবে অধিকাংশ পাঠকই এ দলে সন্তুষ্ট, জানার পর ফারুক বললেন, ‘সেরা অপশন আমরা বেছে নিয়েছি। নির্বাচন এমনই প্রক্রিয়া, এখানে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কেননা, সবারই ভিন্ন ভিন্ন মত থাকে। তবে যেহেতু ৮০ শতাংশ পাঠক মনে করছেন, ভালো একটা দল হয়েছে। এ থেকে স্পষ্ট, আমাদের সঙ্গে ৮০ শতাংশ পাঠকের মতের মিল হয়েছে। অর্থাৎ অধিকাংশই মনে করছেন, দলটা ভালো হয়েছে।’
তবে দল ঘোষণার পর যেটি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সেটি তারুণ্য ও অনভিজ্ঞতা। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ১৫ জনের ৯ জনই। এঁদের ছয়জনই আছেন একদম ক্যারিয়ারের শুরুতে। একটি করে ওয়ানডে খেলেছেন সৌম্য-তাইজুল। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচটিই খেলতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে। অনভিজ্ঞের কাতারে আছেন তাসকিন, সাব্বির, আরাফাত সানি, আল আমিনও। এর পরও তারুণ্যেই আস্থা রাখছেন দর্শক-সমর্থকেরা। প্রধান নির্বাচক তাই বললেন, ‘এটা ঠিক, দলের অধিকাংশ সদস্যই তরুণ। তবুও মানুষ এ তরুণ দলটার ওপরই আস্থা রাখছে। এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক। এখন বাকিটা নির্ভর করছে খেলোয়াড়দের মাঠে পারফর্ম করার ওপর।’