বিশ্বকাপ দলের সংবর্ধনা আজ
গণমাধ্যমে প্রচার হচ্ছে গত কদিন ধরেই। বিজ্ঞাপনও দেওয়া হয়েছে দেশের শীর্ষ পত্রপত্রিকায়। তার পরও কারও অজানা থাকলে হয়তো জেনে গেছেন কাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গেলেই। বিশাল এক মঞ্চ জানান দিচ্ছে বড় আয়োজনের বার্তা। এখানেই আজ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলে আসা জাতীয় ক্রিকেট দলের গণসংবর্ধনা। আয়োজক বিসিবি।
গতকাল সংবর্ধনা হওয়ার কথা ছিল চট্টগ্রামেও। এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন আউটার স্টেডিয়ামে মঞ্চ, লাইটিংসহ সব আয়োজন ছিল প্রস্তুত। কিন্তু পরশু রাতে নির্বাচন কমিশনের নিদের্শে স্থগিত হয় সেই সংবর্ধনা। আয়োজকদের একজন চট্টগ্রামের মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও শোডাউনের মতো ঘটনার আশঙ্কায় এই নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
আজ ঢাকার আয়োজন শুরু হওয়ার কথা বেলা আড়াইটায়। শুরু হবে দুটি ব্যান্ড দলের পরিবেশনা দিয়ে। বিশ্বকাপ দল মঞ্চে উঠতে পারে বিকেল চারটা নাগাদ। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানানো ছাড়াও দলকে অভিনন্দন জানাবে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। দল চলে যাওয়ার পর আবারও শুরু হবে ব্যান্ড দলের পরিবেশনা। থাকছে আতশবাজিও। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি মাননীয় অর্থমন্ত্রী থাকবেন প্রধান অতিথি হিসেবে। এ ছাড়া ক্রীড়ামন্ত্রী, উপমন্ত্রী মহোদয়গণ, বোর্ডপ্রধান ও পরিচালকেরা থাকবেন।’
আজকের অনুষ্ঠানে আসবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জানা গেছে, সময়-সুযোগমতো তিনি দলকে সংবর্ধনা দিতে পারেন গণভবনে। বিশ্বকাপে যাওয়ার আগেও গণভবনে ক্রিকেটারদের ডেকে শুভকামনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।