বিশ্বকাপ নিয়ে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হলে কী হবে, বিশ্বকাপ উপলক্ষে কনসার্ট হবে বাংলাদেশেও! ঢাকায় তো বটেই, কনসার্ট হতে পারে অন্য বিভাগীয় শহরগুলোয়ও। কনসার্টের সম্ভাব্য তারিখ ১৩ বা ১৪ ফেব্রুয়ারি। ঢাকার কনসার্টটির সম্ভাব্য ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

কাল সকালে গুলশানের নিজ বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসানই সাংবাদিকদের জানিয়েছেন বিশ্বকাপ কনসার্টের কথা। বিশ্বকাপ নিয়ে বাপ্পা মজুমদারের একটা থিম সংও নাকি করা হবে। সভাপতি বলেছেন, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে শুভকামনা জানানোর পাশাপাশি বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনা সৃষ্টি করাও এসবের উদ্দেশ্য।

কাল বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতির কার্যালয়ে এসব নিয়ে একটা বৈঠক হয়েছে। তবে বৈঠকে সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন বিসিবির হাতে গোনা কয়েকজন পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। সভায় বিশ্বকাপ উপলক্ষে বোর্ড কর্মকর্তাদের অস্ট্রেলিয়া সফর নিয়েও আলোচনা হওয়ার কথা। সকালে সভাপতিই জানান, ‘১৮ তারিখে আমাদের খেলা শুরু। আমরা কে কখন যাচ্ছি, এগুলো সব চূড়ান্ত হবে সভায়।’ যদিও কাল রাতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, সভায় এ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি।