বিশ্বকাপ নিয়ে...

মাশরাফি বিন মুর্তজা
মানুষের স্বপ্নের সীমানা কত দূর হতে পারে? বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া আসলে স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার মতো। চোটাঘাতের কারণে এতটা হারিয়েছি যে অনেক দিন থেকেই ক্রিকেটে আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। শুধু যত দিন পারি দেশের জন্য উজাড় করে দিতে চাই নিজেকে। আমার ওপর আস্থা রাখায় বোর্ডকে ধন্যবাদ।
সাকিব আল হাসান
বিশ্বকাপ সব সময়ই বড় একটা রোমাঞ্চের নাম। আমিও দারুণ রোমাঞ্চিত। তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছি। তবে এবারের বিশ্বকাপ হবে আমার জন্য চ্যালেঞ্জের। কারণ গত বিশ্বকাপ যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে হয়নি।
তামিম ইকবাল
তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছি। প্রথম বিশ্বকাপে খেলতে পারাটাই ছিল আনন্দের। এখন অনেক দায়িত্বটাও বুঝি, ভালো খেলতে হবে। হাঁটুর অস্ত্রোপচারের পর অবশ্য প্রথম লক্ষ্য সুস্থ হওয়া। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই, ভালো খেলার মতো ফিট হয়ে উঠতে চাই।
মাহমুদউল্লাহ
আল্লাহর কাছে শুকরিয়া যে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে যাচ্ছি। গত বছরটা খুব ভালো যাচ্ছিল না, কিন্তু শেষটা ভালো হয়েছে। সেটা ধরে রাখতে চাই বিশ্বকাপেও। গত বিশ্বকাপে অনেক তরুণ ছিলাম, এখন তুলনায় অনেক পরিণত। নিজের খেলাটা আরও ভালো বুঝি। আশা করি ভালো করতে পারব।
মুমিনুল হক
ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেট খেললেও বিশ্বকাপ খেলার সুযোগ সবার সব সময় হয় না। এখন দলে থাকার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পারফর্ম করা। ভালো খেলতে চাই বিশ্বকাপে। দেশের জন্য কিছু করতে চাই।
এনামুল হক
প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন টেস্ট খেলা, বিশ্বকাপ খেলা। আমারও একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সত্যি বলতে, ক্রিকেটার হিসেবে গর্ব হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। তখন দেখেছি এতগুলো দল, এত ক্রিকেটার, একটা মেলা, উৎসবের মতো ছিল। অস্ট্রেলিয়ায় গিয়ে তাই রোমাঞ্চটা আরও বেশি হবে। ওখানে খেলা চ্যালেঞ্জিং হবে। লক্ষ্য আছে, তবে সেটা নিজের কাছে রাখতে চাই।
নাসির হোসেন
বিশ্বকাপ খেলার স্বপ্ন সবারই থাকে। ভালো লাগছে যে আমার স্বপ্নপূরণ হচ্ছে। দলের বাইরে থাকার সময়টা সব দিক থেকেই ছিল অনেক কঠিন। অনেক পরিশ্রম করেছি। বিশ্বকাপ মাথায় ছিল না। আমি চেষ্টা করেছি নিজের মতো খেলতে, উপভোগ করতে।
আরাফাত সানি
বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুভূতি কীভাবে বলতে হয় আসলে জানা নেই আমার। আমি দারুণ খুশি, রোমাঞ্চিত। দল যেভাবে চায়, সেভাবে বোলিং করার চেষ্টা করব। এখন প্রথম লক্ষ্য নিজেকে ফিট রাখা।
আল আমিন হোসেন
খুব ভালো লাগছে। স্বস্তি লাগছে। গত বছর খুব ভালো বোলিং করেছি। কিন্তু জিম্বাবুয়ে সিরিজটা ভালো করতে পারিনি বলে একটু ভয়ে ছিলাম। প্রিমিয়ার লিগেও সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু শেষ কয়েকটা ম্যাচে সুযোগ পেয়ে ভালো করেছি। ছন্দ ফিরে পেয়েছি।
তাইজুল ইসলাম
ভালো লাগছে অবশ্যই। জাতীয় দলে এসে দুটি সিরিজে ভালো করেছি বলেই বিশ্বকাপ খেলার সুযোগ পেলাম, এ জন্য আরও ভালো লাগছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ, বিগ ব্যাশ দেখে বোঝার চেষ্টা করছি অস্ট্রেলিয়ায় স্পিনারদের কীভাবে বল করা উচিত।
সাব্বির রহমান
অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। সবচেয়ে বড় কথা, আমার বাবার স্বপ্ন ছিল ছেলে বিশ্বকাপে খেলবে। সেটা পূরণ করতে পেরে ভালো লাগছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি, কিন্তু এটা তো আসল বিশ্বকাপ। খুব রোমাঞ্চিত আমি।
তাসকিন আহমেদ
প্রথম স্বপ্ন ছিল বাংলাদেশ দলে খেলা। মানুষের স্বপ্ন তো আর থেমে থাকে না। এখন আরেকটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিশ্বকাপে এমন কিছু করতে চাই যেন ক্রিকেট-বিশ্বে এমন আলোচনা হয় যে বাংলাদেশেও একজন এমন ফাস্ট বোলার আছে। নায়ক হতে চাই বিশ্বকাপে।
সৌম্য সরকার
বুঝে উঠতে সময় লাগছে। বিশ্বকাপ খেলার স্বপ্ন সব সময় দেখেছি। কিন্তু এত দ্রুত স্বপ্ন সত্যি হবে, ভাবিনি। সম্ভাবনা আছে বুঝেই চেষ্টা করেছি লিগে ভালো খেলতে। চেষ্টার ফল পেয়েছি।